বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিলেন নিতিন নবীন! 'উনি এখন আমাদের বস', বললেন প্রধানমন্ত্রী মোদী
জে পি নাড্ডার অধ্যায় শেষ। বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিলেন নিতিন নবীন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নিতিন নবীন। আজ আনুষ্ঠানিকভাবে দলের তরফ থেকে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। বয়সের নিরিখে এই গুরুত্বপূর্ণ পদে বসতে যাওয়া নিতিনই হলেন বিজেপির ইতিহাসে কনিষ্ঠতম সর্বভারতীয় সভাপতি। এবার থেকে দলের সর্বোচ্চ সাংগঠনিক দায়িত্ব সামলাবেন নিতিন নবীন।

বিহারের রাজনীতিতে অন্যতম পরিচিত মুখ নিতিন নবীন। তিনি পাঁচবারের বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী। দীর্ঘ অনেকদিন ধরেই সংগঠনের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। আর সেই অভিজ্ঞতার ভরসাতেই এবার দলের সর্বোচ্চ সাংগঠনিক পদে বসছেন তিনি।
নিতিন নবীনের সভাপতি নির্বাচিত হওয়া নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, 'দলীয় সংবিধান মেনেই বিজেপিতে গণতান্ত্রিক পদ্ধতিতে সভাপতি নির্বাচন করা হয়। অমিত শাহের নেতৃত্বে একের পর এক রাজ্যে বিজেপি সরকার গঠন করে চলেছে। পাশাপাশি, নাড্ডার নেতৃত্বে পঞ্চায়েত থেকে সংসদ পর্যন্ত সমস্ত স্তরেই দলের সংগঠন আরও শক্তিশালী হয়ে উঠেছে।'
মোদীর কথায়, 'বিজেপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি আদর্শ, পরম্পরা এবং সংস্কারের ধারক। নিতিন নবীন যে কোনও দায়িত্বে সফল হয়েছেন এবং ভবিষ্যতেও তিনি দলের নেতৃত্বে সেই দক্ষতার পরিচয় দেবেন। জে পি নাড্ডার নেতৃত্বে পঞ্চায়েত থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, সমস্ত স্তরেই বিজেপি শক্তিশালী হয়েছে। দলের ক্ষেত্রে আমি শুধুমাত্র কার্যকর্তা,আর নিতিন নবীন এখন আমাদের বস।'
২০২০ সাল থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন জে পি নাড্ডা। তাঁর পরে সেই দায়িত্ব তুলনামূলকভাবে তরুণ নেতৃত্বের হাতে তুলে দেওয়া হল। রাজনৈতিক মহলের মতে, আগামী দিনের সাংগঠনিক রণকৌশলে এই নেতৃত্ব পরিবর্তন বিজেপির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।
উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে নিতিন নবীনকে বিজেপির কার্যনির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই সময় থেকেই কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে দলের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে তুলে ধরছিল। সভাপতি নির্বাচিত হওয়ার আগের দিনই অর্থাৎ গতকাল রাতে তিনি বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, নেতা অমিতাভ চক্রবর্তী, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য এবং সুনীল বনসল।












Click it and Unblock the Notifications