Nishikant Dubey: "অশান্তির জন্য দায়ী প্রধান বিচারপতি," বিস্ফোরক বিজেপি সাংসদ; দূরত্ব বাড়াল দল
Nishikant Dubey: প্রকাশ্যে সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির কড়া সমালোচনা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। বিতর্ক মাথাচাড়া দিতেই সাংসদের থেকে দূরত্ব বাড়াল দল। ঝাড়খণ্ডের গোড্ডার সাংসদকে সতর্কও করল বিজেপি। একইসঙ্গে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানালেন, নিশিকান্তের এহেন বক্তব্য দল কোনওভাবেই সমর্থন করে না। ওই মন্তব্য একান্তই তাঁর ব্যক্তিগত।
শনিবার সুপ্রিম কোর্টের সমালোচনা করে প্রথমে এক্স পোস্ট করে ও সংবাদসংস্থার সামনে বিতর্কিত মন্তব্য করেন নিশিকান্ত দুবে। তাঁর কথা অনুযায়ী, সুপ্রিম কোর্টই যদি সমস্ত আইনকানুন প্রণয়ন করবে, তাহলে দেশে সংসদ থাকার কোনও প্রয়োজন পড়ে না। দেশে গৃহযুদ্ধের পরিস্থিতির জন্য প্রধান বিচারপতি সঞ্জীব খান্না দায়ী বলে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি সাংসদ। শীর্ষ আদালতে ওয়াকফ আইন নিয়ে শুনানি চলছে। এরই মাঝে নিশিকান্তের এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই তীব্র বিতর্ক ছড়ায়।

এখানেই থেমে থাকেননি নিশিকান্ত। তাঁর আরও দাবি, "শীর্ষ আদালতের শুধু একটাই কাজ। মুখ দেখাও, আইন দেখাব। সুপ্রিম কোর্ট নিজস্ব সীমা ছাড়িয়ে গিয়েছে। যদি সবকিছুর জন্যই বারবার সুপ্রিম কোর্টে ছুটতে হয়, তাহলে দেশে সংসদ বা বিধানসভা বন্ধই করে দেওয়া উচিত। দেশে সমস্ত অশান্তির জন্য দায়ী প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।" ৫ মে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ওয়াকফ আইনের বিতর্কিত অংশগুলিতে আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর সেই আবহেই বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি সাংসদ।
নিশিকান্তের সঙ্গে সমালোচনায় যোগ দিয়েছেন আরও এক বিজেপি সাংসদ। উত্তরপ্রদেশের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি সাংসদ দীনেশ শর্মা শীর্ষ আদালতের সমালোচনা করে বলেন, সংবিধানে বর্ণিত নিয়ম অনুযায়ী সংসদ ও রাষ্ট্রপতিকে পরিচালনা করার মতো অধিকার কারও নেই। রাষ্ট্রপতি ইতিমধ্যেই ওয়াকফ বিলে অনুমোদন দিয়েছেন। প্রেসিডেন্টই সর্বেসর্বা, তাঁকে চ্যালেঞ্জ করার অধিকার কারও নেই।
যদিও দুই সাংসদকে সতর্ক করে নাড্ডা এদিন স্পষ্টতই জানালেন, "বিচারব্যবস্থা ও প্রধান বিচারপতিকে নিয়ে বিজেপির দুই সাংসদ নিশিকান্ত দুবে ও দীনেশ শর্মার মন্তব্য বিজেপি সমর্থন করে না। এগুলি তাঁদের ব্যক্তিগত মন্তব্য। বিজেপি তাতে একেবারেই সহমত নয়। ওদের ওই মন্তব্য পুরোদমে প্রত্যাখ্যান করছে বিজেপি। ভারতের বিচারব্যবস্থার প্রতি বরাবর সম্মান ও আস্থা রেখেছে বিজেপি। সুপ্রিম কোর্টের দেওয়া রায় অক্ষরে অক্ষরে মেনে চলেছে দল। গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ সুপ্রিম কোর্ট ও সংবিধানের রক্ষাকর্তা।"












Click it and Unblock the Notifications