Nipah Virus: কেরলে 'নিপা'য় মৃত্যু! গ্রামের পর গ্রাম কন্টেইনমেন্ট জোন, বন্ধ স্কুল
কেরলের কোঝিকোড়ে সাতটি গ্রাম পঞ্চায়েত এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানেই নিপা ভাইরাস সংক্রমণ ২ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণের বিস্তার রোধে বিধিনিষেধ ও ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
কোঝিকোড় জেলায় নয় বছরের একটি বালক-সহ চারজন মধ্যে নিপা ভাইরাস নিশ্চিত হওয়ার পরে সরকারের তরফে বিধিনিষেধ আরোপ করা হয়। যা নিয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরও সতর্কতা জারি করে। জেলা কর্তৃপক্ষের তরফে আক্রান্ত এলাকায় স্কুল ও অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ রাজ্য বিধানসভায় বলেছেন, এই নিপা ভাইরাসের স্ট্রেন বাংলাদেশ ভ্যারাইটির, যা মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ে। এর মৃত্যুর হার বেশি হলেও সংক্রমণ ক্ষমতা কম। এর আগে কেরলে ২০১৮ ও ২০২১-এ নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গিয়েছিল।
কেরলের স্বাস্থ্য দফতরের এক আধিকারিক বলেছেন এখনও পর্যন্ত ১৩০ জনের বেশি মানুষের নিপা ভাইরাসের জন্য পরীক্ষা করা হয়েছে। নিপা নিয়ে সতর্কতার মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি পুনের একটি দল কেরলে পৌঁছনোর পাশাপাশি কোঝিকোড মেডিক্যাল কলেজে ভাইরাসের পরীক্ষা এবং বাদুড়ের সমীক্ষা করার জন্য একটি মোবাইল ল্যাব স্থাপনের কথা রয়েছে।
কোঝিকোডের জেলাশাসক সোশাল মিডিয়া পোস্টে যে সাতটি গ্রাম পঞ্চায়েতকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে, সেগুলির নাম উল্লেখ করেছেন। সেগুলি হল আটানচেরি, মারুথনকারা, তিরুভাল্লুর, কুত্তিয়াদি, কায়কোডি, ভিলিয়াপল্লি এবং কাবিলুমপাড়া।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষেত সাতটি গ্রাম পঞ্চায়েতের ৪৩ টি ওয়ার্ডের মধ্যে কাউকে ভ্রমণ করতে দেওয়া হবে না। পুলিশকে আক্রান্ত এলাকার ওপরে নজর রাখতে বলা হয়েছে। অবশ্য অত্যাবশ্যকীয় জিনিসপত্র ও ওষুধবিক্রির দোকানগুলিকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। সাধারণ দোকানগুলি সকাল ৭ টা থেকে বিকেল ৫ টি পর্যন্ত খোলা রাখার কথা বলা হলেও ওষুধের দোকানের জন্য তেমন কোনও সময়সীমা আরোপ করা হয়নি।
কন্টেইনমেন্ট জোনে সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি মাস্ক পরতে বলা হয়েছে। পাশাপাশি অ্যালকোহলভিত্তিক স্যানিটাইজার ব্যবহার করতেও বলা হয়েছে। জাতীয় সড়কে চলাচলকারী কোনও বাস বা যানবাহনকে আক্রান্ত এলাকায় থামতে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে নিপা ভাইরাসে দুজনের মৃত্যুর পরে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়া ও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।












Click it and Unblock the Notifications