New Delhi Station Stampede: নিউ দিল্লি স্টেশনে পদপিষ্টকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৮, তদন্ত কমিটি গড়ল কেন্দ্র
New Delhi Station Stampede: মহাকুম্ভে (Maha Kumbh 2025) যাওয়ার ট্রেন ধরতে ভিড়। নিউদিল্লি রেল স্টেশনে (NDLS Railway Station) ভয়াবহ দুর্ঘটনা। হুড়োহুড়িতে পদপিষ্ট (Stampede) হয়ে একের পর এক মৃত্যু। শনিবার রাতের ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা (Death Toll) বেড়ে দাঁড়িয়েছে ১৮ জন। মৃতদের মধ্যে ১১ জনই মহিলা। চারজন শিশুও রয়েছে।
শনিবার রাত দশটা নাগাদ নিউদিল্লি স্টেশনের ঘটনা। ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে প্রচণ্ড ভিড়ের জেরে পদপিষ্টের ঘটনা ঘটে। দুটি ট্রেন দেরিতে আসার জেরেই ভিড় বেড়ে যায় বলে অভিযোগ। রেলের অবশ্য দাবি, ভিড়ের কথা মাথায় রেখে চারটি অতিরিক্ত ট্রেনের ঘোষণা করা হয়েছিল। যদিও ধারণার বাইরে ভিড় হয়েছিল সেখানে।

১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে দমবন্ধের পরিস্থিতির সৃষ্টি হয়। অনেকেই অজ্ঞানও হয়ে পড়েন। রেলের ডিসিপি জানান, প্রতি ঘণ্টায় ১৫০০টি করে জেনারেল টিকিট বিক্রি হয়েছে। অসংরক্ষিত কামরায় যাত্রার জন্যে এত লোকের ভিড়ের জেরেই দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি। নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল গোটা পরিস্থিতি। ১৪ নম্বর প্ল্যাটফর্মে ও ১৬ নম্বর প্ল্যাটফর্মের চলন্ত সিঁড়ির সামনে পদপিষ্টের ঘটনা ঘটে।
ঘটনায় উদ্ধারকার্যে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ওরফে এনডিআরএফ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে তারা। এনডিআরএফ কমান্ড্যান্ট দৌলত রাম চৌধুরী জানান, আহতদের সকলকে বের করে আনা হয়েছে। ১৪ নম্বর প্ল্যাটফর্মে মগধ এক্সপ্রেসে পদপিষ্টের ঘটনা ঘটেছে বলে পুলিশের কন্ট্রোল রুম থেকে ফোন আসে। তবে এনডিআরএফ এসে পৌঁছনোর আগেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
যদিও ঘটনার জেরে রেল চলাচলে প্রভাব পড়েনি। সময় মেনেই ছেড়েছে বাকি দূরপাল্লার ট্রেন। পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছে রেল। রেলবোর্ডের তথ্য ও জনসংযোগ বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর দিলীপ কুমার জানান, গোটা ঘটনা তদন্ত করে দেখার জন্যে ২ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। যাতে দ্বিতীয়বার এই ঘটনা না ঘটে, তাও নিশ্চিত করতে জোরদার ব্যবস্থা নিচ্ছে রেল।












Click it and Unblock the Notifications