Waqf Petitions in SC: সুপ্রিম কোর্টে 'ভাগ্য নির্ধারণ' ওয়াকফ সংশোধনী আইনের, সব মামলার একসঙ্গে শুনানি
Waqf Petitions in SC: বুধবার ওয়াকফ সংশোধনী আইন নিয়ে শুনানি সুপ্রিম কোর্টে। দুপুর ২টো নাগাদ শুনানির সময় নির্ধারণ করা হয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চে হবে শুনানি। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনও থাকছেন ওই বেঞ্চে। ওয়াকফ আইনের বিরোধিতার কমপক্ষে ৭০টি পিটিশন জমা পড়েছে শীর্ষ আদালতে। যা রেকর্ড বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বুধবার সবকটি মামলার একসঙ্গে শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
গত সপ্তাহেই ৮ এপ্রিল দেশজুড়ে বলবৎ হয়েছে ওয়াকফ সংশোধনী আইন। লোকসভা ও রাজ্যসভায় পাস হওয়ার পর ৫ এপ্রিল ওয়াকফ সংশোধনী বিলে অনুমোদন দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিকে, ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবি জানিয়ে প্রায় সমস্ত বিরোধী দলই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। তবে সরকারের দাবি, আইন প্রত্যাহারের মতো নির্দেশ সুপ্রিম কোর্ট দেবে না। ছ'টি বিজেপি শাসিত রাজ্য ইতিমধ্যেই আইনের সপক্ষে যুক্তি দেবে বলে জানা গিয়েছে।

ওয়াকফ আইনের বিরোধিতা করে সর্বপ্রথম সুপ্রিম কোর্টে মামলা করেন মিম পার্টির সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসি। কেজরিওয়ালের আম আদমি পার্টির ওখলার বিধায়ক আমানাতুল্লা খানও আইন প্রত্যাহারের দাবিতে মামলা করেন। এরপর একে একে শীর্ষ আদালতে মামলা করেন কংগ্রেসের ইমরান মাসুদ, উদিত রাজ, আরজেডির মনোজ কুমার ঝাঁ, তৃণমূলের মহুয়া মৈত্র, সিপিএমের মহম্মদ সেলিম। এছাড়াও বিভিন্ন অরাজনৈতিক সংগঠনও করে মামলা।
ওয়াকফ আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস, জমিয়ত উলেমায়ে হিন্দের আরশাদ মাদানি, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ, শিয়া আধিকারিক সৈয়দ কালবি জাওয়াদ নকভি, অঞ্জুমান ই ইসলাম। এছাড়াও মামলা করেন আইনজীবী বিষ্ণু শংকর জৈন। ওয়াকফ আইনের প্রতিবাদের নামে হিংসা ছড়িয়েছে দেশের বিভিন্ন জায়গায়। গত কয়েকদিনে শিরোনামে থেকেছে এরাজ্যের মুর্শিদাবাদের অবস্থা। মুর্শিদাবাদে প্রতিবাদের নামে যেভাবে তাণ্ডব চলেছে, ঘর ছাড়তে বাধ্য হয়েছেন হিন্দুরা। এই আবহে সুপ্রিম কোর্টের শুনানি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
ওয়াকফ আইনের জেরে মৌলিক অধিকার লঙ্ঘন হয় বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে রিট পিটিশন ফাইল করেছে তামিলনাড়ুর ডিএমকে সরকার। ওয়াকফ আইন পুরোপুরি সাংবিধানিক, এই দাবি তুলে পাল্টা সুপ্রিম কোর্টে বিরোধী শিবিরের মামলায় বিপক্ষে দাঁড়াতে চেয়ে দ্বারস্থ হয়েছে রাজস্থান সরকার। ওয়েইসির করা মামলার বিপক্ষে দাঁড়াতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে উত্তরাখণ্ডের ওয়াকফ বোর্ডও।
যদিও ওয়াকফ আইন নিয়ে আশবাদী বিজেপি। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ওয়াকফ সংশোধনী আইনের সংসদীয় অনুমোদন প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না, এব্যাপারে তিনি নিশ্চিত। হরিয়ানাতেও ২ দিন আগে সভায় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ওয়াকফ আইন আদতই প্রকৃত ন্যায় বিচারের আইন। এর ফলে মুসলিম সম্প্রদায়ের পিছিয়ে পড়া শ্রেণিই উপকৃত হবেন। মুসলিম নারী, বিধবা মহিলারা ও শিশুরা তাদের অধিকার ফিরে পাবেন বলে উল্লেখ করেছিলেন নরেন্দ্র মোদী। এমতাবস্থায় আজ দেশের সর্বোচ্চ আদালতে ওয়াকফ আইনের কী ভাগ্য নির্ধারণ হয়, সেটাই দেখার।












Click it and Unblock the Notifications