মধ্যমগ্রামে ধর্ষণের ঘটনায় মমতার জবাব চাইল মহিলা কমিশন

গত ২৫ অক্টোবর উত্তর ২৪ পরগনায় বাদু রোডে ধারে গণধর্ষণের শিকার হয় ওই ষোড়শী। থানা থেকে অভিযোগ করে ফেরার সময় তাকে ফের তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। আবার গণধর্ষণ করে। অভিযোগ, গত ২৩ ডিসেম্বর বাড়িতে চড়াও হয়ে ওই নাবালিকার গায়ে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীর দল। ৩১ ডিসেম্বর অগ্নিদগ্ধ মেয়েটি আর জি কর হাসপাতালে মারা যায়। এর জেরে এখন উত্তাল রাজ্য রাজনীতি।
প্রথমে সংবাদমাধ্যমে ঘটনাটি দেখে রাজ্য পুলিশের কাছে খুঁটিনাটি জানতে চেয়েছিল জাতীয় মহিলা কমিশন। কিন্তু, কোনও উত্তর দেওয়া হয়নি। মেয়েটির মৃত্যুর পর তাই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কড়া চিঠি পাঠিয়েছে কমিশন।
চিঠিতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন মমতা শর্মা লিখেছেন, দু'বার কীভাবে মেয়েটি ধর্ষিতা হল? বোঝা যাচ্ছে, পুলিশ তার নিরাপত্তা ব্যবস্থা করেনি। বিন্দুমাত্র সংবেদনশীলতা দেখানো হয়নি পুলিশের তরফে। ঘটনাটিকে 'লজ্জাজনক' বর্ণনা করে তিনি বলেছেন, রাজ্য সরকার এক সপ্তাহের মধ্যে জবাব দিক। পাশাপাশি, এর আগের চিঠির উত্তর পুলিশ কেন দেয়নি, তা-ও জানতে চাওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications