বিজেপির জয় উদযাপন করার জন্য খুন মুসলিম যুবক, কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন যোগী আদিত্যনাথ
বিজেপির জয় উদযাপন করার জন্য খুন মুসলিম যুবক, কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে বিজেপির জয় উদযাপন করতে গিয়ে কুশিনগরে খুন হলেন এক মুসলিম ব্যক্তি। এই খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃত ব্যক্তি বাবর তাঁরই প্রতিবেশীদের হাতে মার খেয়ে মারা যায়। কারণ বাবর ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছিল এবং রাজ্যে বিজেপির জয়ের পর মিষ্টি বিতরণ করছিল।

এই ঘটনায় মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করেন এবং জানান যে দোষীদের শাস্তি দেওয়া হবে। মুখ্যমন্ত্রী এও বলেন, মৃতের পরিবারকে সব ধরনের সম্ভাব্য সাহায্য করবে সরকার। পুলিশের মতে, এই ঘটনার জন্য দু’জনকে গ্রেফতার করা হয়েছে এবং পলাতক অভিযুক্তদের খুঁজতে পুলিশ ব্যাপকভাবে তল্লাশি চালাতে শুরু করেছে। যোগী আদিত্যনাথ সরকারের একক মুসলিম মন্ত্রী দানিশ আনসারি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান, বাবরের পরিবারের পাশে যোগী সরকার রয়েছে এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তিনি এও জানিয়েছেন যে সরকার খুব শীঘ্রই বাবরের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করবে।
দানিশ আনসারি বলেন, 'যোগীজি পরিবারের পাশে রয়েছে, তাঁরা একা নয়। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, অপরাধীরা এ ধরনের অপরাধ করার আগে চিন্তা করবে। উত্তরপ্রদেশে কোনও অপরাধকে বরদাস্ত করা হবে না, এটা যোগীর উত্তরপ্রদেশ, এখানে একমাত্র শান্তি বজায় থাকবে।’ মৃত বাবরের পরিবার বলেছে, বাবর গত ২০ মার্চ তাঁর দোকান থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় তিনি 'জয় শ্রী রাম’ শুনতে পান এবং কিছু স্থানীয় মানুষ তাঁর ওপর হামলা চালায়। নিজের জীবন বাঁচাতে বাবর তাঁর বাড়ির ছাদে উঠে পড়ে কিন্তু অভিযুক্তরা সেখানে পৌঁছে তাঁকে ছাদ থেকে ঠেলে ফেলে দেয়। বাবরকে আহত অবস্থায় রামকোলা সিএইচসিতে ভর্তি করা হয়, যেখান থেকে তাঁকে জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় এরপর বাবরকে লখনউ নিয়ে যাওয়া হয়। লখনউতে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় বাবরের।
পরিবারের সদস্যরা জানিয়েছেন যে তাঁদের সম্প্রদায়ের স্থানীয় মানুষরা বিজেপির হয়ে প্রচার ও জয় উদযাপন করা নিয়ে সতর্ক করেছিলেন। বাবর এর আগে তাঁর নিরাপত্তা চেয়ে রামকোলা পুলিশের দ্বারস্থ হন কিন্তু পুলিশ তাঁর অনুরোধ ফিরিয়ে দেয়।












Click it and Unblock the Notifications