ভয়াবহ দাবানলে জ্বলছে সিকিম! নেই বরফ, শুধু লেলিহান শিখা, চিন সীমান্তে বাড়ছে উদ্বেগ, কীভাবে ছড়াচ্ছে আগুন?
ভয়াবহ দাবানলে দাউ দাউ করে জ্বলছে পূর্ব সিকিমের কুপুপ এলাকা। ভারত-চিন সীমান্ত লাগোয়া এই গ্রামটিতে টানা দুই দিন ধরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে। একের পর এক গাছ পুড়ে যাচ্ছে। আতঙ্কে ছুটছে বন্যপ্রাণীরা।

সবথেকে চিন্তার বিষয় হল, এই এলাকা চিন সীমান্ত ডোকলামের খুব কাছেই। স্থানীয়দের আশঙ্কা যে, ওই অঞ্চলে যদি ল্যান্ডমাইন থেকে থাকে, তাহলে আগুন ছড়িয়ে পড়লে বড় বিপদ হতে পারে। তাই সেই পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
কুপুপ প্রায় ১৩ হাজার ফুট উচ্চতায় অবস্থিত। সাধারণত এই সময় গোটা এলাকাটি বরফে ঢাকা থাকে। কিন্তু এবার তুষারপাত কম হওয়ায় কারণে চারপাশ বেশ শুকনো। আর সেই কারণেই শুষ্ক ঝোপঝাড়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞদের মতে, এই বছর হিমালয় জুড়েই শীতকাল তুলনায় শুষ্ক থাকায় এই ধরনের ঘটনা ঘটছে।
এই দাবানলের প্রভাব পড়তে পারে সংরক্ষিত বন এবং অভয়ারণ্যের উপরেও। এই এলাকায় লাল পান্ডা এবং তুষার চিতাবাঘের মতো বিরল প্রাণীর বাস। প্রাথমিক হিসাবে জানা যাচ্ছে যে, আগুনে প্রায় ১১-১২ হেক্টর বনাঞ্চল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
রবিবার সিল্ক রুটের হেয়ারপিন এলাকা এবং থাম্বি ভিউপয়েন্টের কাছেও আগুন ছড়িয়েছিল। বন দফতর সেখানে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনলেও সেখানকার সম্পূর্ণ পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়ে ওঠেনি।
সীমান্ত লাগোয়া এই দাবানল নিয়ে প্রশাসন এবং বন দফতর দু'পক্ষই এখন চাপে রয়েছে।












Click it and Unblock the Notifications