মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে
চিনের উদ্দেশ্যে রওনা হলেও মাঝপথে অভিমুখ বদলে রাশিয়ার একটি তেলবাহী জাহাজ ভারতের বন্দরে এসে পৌঁছল। জাহাজটির নাম 'অ্যাকোয়া টাইটান'। অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি নিউ ম্যাঙ্গালুরু বন্দরে নোঙর করেছে। তবে এই জাহাজে ঠিক কতটা পরিমাণ তেল রয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

জানা গিয়েছে যে, গত জানুয়ারি মাসের শেষে এই জাহাজ বাল্টিক সাগরের একটি বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। প্রথমে চিনের রিজাও বন্দর সেটির গন্তব্য ছিল। কিন্তু মার্চ মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই জাহাজটি দিক পরিবর্তন করে ভারতের দিকে এগোতে শুরু করে। এই পরিবর্তনের কথা মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে সামনে আসে। সূত্রের দাবি যে, শুধু এই জাহাজই নয়, চিনের পথে থাকা আরও কয়েকটি রাশিয়ার তেলবাহী জাহাজ মাঝসমুদ্রে অভিমুখ বদলে ভারতের দিকে আসছে। অন্তত ৭টি জাহাজের পথ পরিবর্তনের খবর পাওয়া গিয়েছে, যদিও সব ক'টি জাহাজ ভারতে পৌঁছবে কি না তা এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি।
এরই মধ্যে আবার আমেরিকার এক শীর্ষ আধিকারিক দাবি করেছেন যে, নয়াদিল্লিকে সমুদ্রে থাকা রুশ তেলের একটি বড় অংশ ভারতের শোধনাগারে পাঠানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছিল। তবে এই বিষয়ে ভারতের তরফ থেকে আনুষ্ঠানিক কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ভারত আগেই জানিয়ে দিয়েছে যে , যদি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা না থাকে তাহলে সস্তায় জ্বালানি পাওয়া গেলে যে কোনও দেশ থেকেই তেল কেনা হবে। মনে করা হচ্ছে যে, পশ্চিম এশিয়ায় সংঘাত এবং হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তার মধ্যেও দেশের জ্বালানি সরবরাহ নিশ্চিত রাখার জন্যেই এই নীতি বজায় রাখা হয়েছে।
এদিকে জানা গিয়েছে যে, 'সুয়েজম্যাক্স জউজউ এন' নামের আরও একটি রাশিয়ার তেলবাহী জাহাজ আগামী ২৫ মার্চ গুজরাতের সিক্কা বন্দরে গিয়ে পৌঁছতে পারে। বিভিন্ন সূত্রের দাবি যে, সেই জাহাজ টিও প্রথমে চিনের দিকে যাচ্ছিল।












Click it and Unblock the Notifications