Monsoon Alert: কেরলে বর্ষার প্রবেশ, উত্তর-পূর্বে সময়ের আগেই মৌসুমী বায়ু! বাংলায় কবে, কী বলছে আবহাওয়া দফতর
Monsoon Alert: বৃহস্পতিবার কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করেছে। এদিন সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ আরব সাগরে আরও কিছুটা অগ্রসর হয়েছে মৌসুমী বায়ু এবং কেরলে মৌসুমী বায়ু প্রবেশের সব ধরনের শর্ত পূরণ করেছে।
অন্যদিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে মৌসুমী বায়ু প্রবেশ করেছে অর্থাৎ সেইসব জায়গার আবহাওয়া মৌসুমী বায়ু প্রবেশের সব ধরনের শর্ত পূরণ করেছে। উত্তর-পূর্বের রাজ্যগুলি এখনও ঘূর্ণিঝড় রেমালের ক্ষত সারিয়ে উঠতে পারেনি। আবহাওয়া দফতর বলছে, ঘূর্ণিঝড় রেমালই উত্তর-পূর্ব ভারতে মৌসুমী বায়ুর প্রবেশকে প্ররোচিত করেছে।

- উত্তর-পূর্বে সময়ের আগেই বর্ষা
এখানে উল্লেখ করা যেতে পারে, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং অসমে স্বাভাবিক বর্ষা শুরুর তারিখ হল ৫ জুন। এবার সেই সময়ের আগেই বর্ষার আগমন হল। প্রসঙ্গত গত ১৯ মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষার আগমন হয়েছে। তারপর উত্তর পথে এগিয়েছে বর্ষা।
- বাংলায় বর্ষা কবে
বাংলায় বর্ষার প্রবেশের তারিখল হল ৮ থেকে ১০ জুন। সাধারণভাবে কেরলে বর্ষার প্রবেশের সঙ্গে বাংলায় বর্ষার প্রবেশের ১০ দিনের ব্যবধান থাকে। সেক্ষেত্রে এবার আট থেকে দশ জুনের মধ্যেই বাংলায় বর্ষা ঢুকতে চলেছে বলেই মনে করছেন আবহবিদরা।
- দেশের বিস্তীর্ণ অংশে তাপপ্রবাহ
গত একসপ্তাহে দেশের বিস্তীর্ণ অংশে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি। উত্তর ও মধ্য ভারতের রাজ্যগুলিতে গত ২৮ ও ২৯ মে তাপমাত্রা অনেক জায়গাতেই ছিল ৫০ ডিগ্রির ওপরে। রাজস্থানের চুরু, হরিয়ানার সিংসার সর্বোচ্চ তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর পরে বুধবার দিল্লির তাপমাত্রাও রেকর্ড করে। তাপমাত্রা সেখানে ৫২ ডিগ্রি ছাড়িয়ে যায়। যা সর্বকালীন রেকর্ড। দিল্লির এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে নয় ডিগ্রি বেশি।
- দেশের কৃষি বর্ষা নির্ভর
ভারতের কৃষি ব্যবস্থা বর্ষা নির্ভর। দেশের সেচসেবিত এলাকার ৫২ শতাংশ বর্ষার সঙ্গে সম্পর্কযুক্ত। এছাড়া দেশের জলবিদ্যুৎ উৎপাদন এবং পানীয়জলের জন্য জলাধারগুলি অনেকটা পূরণ হয় এই বর্ষার জলে।
- এবার স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি
এবার বর্ষার শুরুটায় এল নিনোর কিছুটা প্রভাব থাকলেও, দ্বিতীয়ভাগে লা নিনার প্রভাব শুরু হবে। যে কারণে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে বলেই মনে করছেন আবহবিদরা। গত বছর কেরলে বর্ষার প্রবেশের পরে তা থমকে গিয়েছিল। বাংলাতেও বর্ষা প্রবেশে বাধা তৈরি হয়েছিল। এবার তেমনটা হবে না বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের।












Click it and Unblock the Notifications