লন্ডন হাইকমিশনে পতাকা নামানোর প্রতিবাদ! ব্রিটেনের শীর্ষ কূটনীতিককে তলব করল মোদী সরকার
একদিকে যখন পঞ্জাবে সেখানকার পুলিশ খালিস্তানপন্থী অমৃতপাল সিংকে খুঁজে বেড়াচ্ছে, রবিবার সেই সময় লন্ডনে ভারতের হাইকমিশনের অফিস থেকে জাতীয় পতাকা টেনে নামায় বেশ কয়েকজন খালিস্তানপন্থী বিক্ষোভকারী। এই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে ভারতের বিদেশমন্ত্রকের তরফে ব্রিটেনের শীর্ষ কূটনীতিককে ডেকে পাঠানো হয়। খালিস্তানিরা ভারতে পেরে না উঠে বিদেশের মাটিকে তাদের আন্দোলনে ক্ষেত্র হিসেবে বেছে নিতে চাইছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

ব্রিটেনের হাইকমিশনারকে তলব
রবিবার গভীর রাতে ভারতের বিদেশমন্ত্রকের তরফে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ক্রিস্টিনা স্কটকে তলব করা হয়। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে, মাথার পাগরি দেওয়া এক ব্যক্তি লন্ডনে ভারতের হাইকমিশনের বাইরে থাকা জাতীয় পতাকা টানছেন। ভারতের তরফে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ক্রিস্টিনা স্কটকে ভিয়েনা কনভেনশনের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়।

ভারতের প্রতিবাদ
লন্ডনে ভারতের হাইকমিশনে বিচ্ছিন্নতাবাদী এবং উগ্রপন্থীরা যে ভাবে বিক্ষোভ দেখিয়েছে এবং ভারতের জাতীয় পতাকা নামিয়েছে, তাতে ভারতের তরফে ব্রিটেনের ডেপুটি হাইকমিশনার স্কটের কাছে প্রতিবাদ জানানো হয়। কেন সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না সেব্যাপারে জবাব তলব করা হয়। ভারতীয় হাইকমিশনের অফিস এবং সেখানকার কর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে ভারতের তরফে। ভারতের হাইকমিশনের সামনে এই ধরনের বিক্ষোভকারীদের বিক্ষোভ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে ভারতের তরফে।

কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি
ভারতের তরফে ব্রিটেনে রবিবারের ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে চিহ্নিত করার পাশাপাশি তাদের গ্রেফতার এবং বিচারের জন্য পদক্ষেপের দাবি করা হয়েছে। এছাড়াও এই ঘরনের ঘটনা যাতে আর না ঘটে, তার জন্যও ব্যবস্থা নেওয়া হবে বলে আশাপ্রকাশ করা হয়েছে ভারতের তরফে।
|
ব্রিটেনের তরফে ঘটনার নিন্দা
ভারতে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার অ্যালেক্স এলিস এই মুহূর্তে দিল্লির বাইরে রয়েছে। তিনি টুইট করে লন্ডনের ঘটনার নিন্দা করেছেন। প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় পাওয়া ভিডিওগুলিতে দেখা যাচ্ছে লন্ডনে ভারতীয় হাইকমিশনের বাইরে খালিস্তানপন্থীদের কয়েকজনকে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে। তাদেরকে সেখানে ভারত বিরোধী স্লোগান দিতেও দেখা গিয়েছে। বিক্ষোভকারীদের হাতে হলুদ ও কালো পতাকা ছাড়াই বেশ কিছু পোস্টারও দেখা গিয়েছে। এই বিক্ষোভকারীরা খালিস্তানপন্থী অমৃতপাল সিং-এর নামে স্লোগানও দেয়।
ভিডিওতে দেখা গিয়েছে, এক বিক্ষোভকারী হাইকমিশনের বারান্দায় দাঁড়িয়ে সামনে থাকা ভারতের জাতীয় পতাকা নামাচ্ছে। তবে সেখানে ব্রিটিশ পুলিশকে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের ভারতীয় হাইকমিশনের ভিতরে ঢুকতে বাধা দিতে দেখা গিয়েছে।
ছবি সৌ:এএনআই












Click it and Unblock the Notifications