Mizoram Election 2023: মিজোরাম জেডপিএমের দখলে, জাতীয় স্তরে কোন জোটে থাকার বার্তা লালদুহোমার?
Mizoram Election 2023: মিজোরামে পালাবদল। বিরোধী জোরাম পিপলস মুভমেন্ট ৪০টি আসনের মধ্যে ২৭টিতে জিতে সরকার গড়তে চলেছে। মুখ্যমন্ত্রী হতে চলেছেন লালদুহোমা।
মুখ্যমন্ত্রী পদের জন্য লালদুহোমাকেই মুখ করে এবারের নির্বাচনে লড়েছে জেডপিএম। বিপুল জনরায় নিয়ে সরকার গঠন সুনিশ্চিত করার পর জল্পনা শুরু হয়েছে জাতীয় স্তরের রাজনীতিতে জেডপিএমের ভূমিকা কী হবে তা নিয়ে।

লালদুহোমা দলের বিপুল সাফল্যের পর জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই কাজ করবে মিজোরাম সরকার। কিন্তু জাতীয় স্তরে কোনও জোটেই যোগ দেবে না জেডপিএম। ইন্দিরা গান্ধীর নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করা প্রাক্তন আইপিএস অফিসার এবারের নির্বাচনের সাফল্যে খুশি।
রাজ্যের উন্নয়নের স্বার্থে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা যে জরুরি সেটাও ভালোভাবেই উপলব্ধি করছেন বহু অভিজ্ঞতাসম্পন্ন লালদুহোমা। তিনি বলেছেন, আমরা কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই চলব। তবে জাতীয় রাজনীতিতে কোনও জোটে যোগ দিচ্ছি না। লালদুহোমা জয়লাভ করেছেন সেরছিপ আসন থেকে।
মিজোরামের হবু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, যে সব প্রকল্পের কাজ শেষ হয়নি সেগুলির কাজ দ্রুত সম্পূর্ণ করাতেই প্রাধান্য দিতে চান। নিজেদের মধ্যে আলোচনা করেই শপথ গ্রহণের দিন ঠিক করবেন বলে জানান তিনি। জানা যাচ্ছে, নবনির্বাচিত বিধায়ক ও দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন সেই বৈঠকে। কালকেই বৈঠকটি হতে পারে।
মিজোরাম বিধানসভা নির্বাচনে জেডপিএম একাই পেয়েছে ২৭টি আসন। মিজো ন্যাশনাল ফ্রন্ট ১০টি আসন পেয়েছে। তাদেরই সরকার ছিল মিজোরামে। বিজেপি ২টি ও কংগ্রেস ১টি আসনে জিতেছে।












Click it and Unblock the Notifications