এনডিএ না ইন্ডিয়া, লোকসভা নির্বাচনে কোন জোটে যোগ দেবেন মায়াবতী? জন্মদিনের আগে বড় ঘোষণা
গত কয়েক মাসে ইন্ডিয়া ব্লকের কোনও বৈঠকে যোগ দেননি বিএসপি সুপ্রিমো মায়াবতী। হেলে পড়েননি এনডিএ-র দিকেও। সেই পরিস্থিতিতে সোমবার লোকসভা নির্বাচনে লড়াই নিয়ে বড় ঘোষণা করেছেন তিনি। মায়াবতী বলেছেন, কোনও জোটের হাতে নিজের দলের ভোট তুলে দেবেন না। দলের সমর্থনের ভিত্তি বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি।
বিএসপি সুপ্রিমো মায়াবতী নিজের জন্মদিন উপলক্ষে সোমবার লখনৌতে সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি সমাজবাদী পার্টির পাশাপাশি বিজেপিকে নিশানা করেন। পাশাপাশি তিনি ইন্ডিয়া ব্লকের কথাও উল্লেখ করেন। মায়াবতী ঘোষণা করেন, এবারের লোকসভা নির্বাচনে বিএসপি একাই প্রতিদ্বন্দ্বিতা করবে। যদি দলের কর্মীরা লোকসভা নির্বাচনে ভাল ফল করে, তা তাঁর কাছে উপহারের মতো হবে বলেও জানিয়েছেন মায়াবতী।

মায়াবতী বলেন, তাঁর দল বিএসপি লোকসভা নির্বাচনে একাই লড়াই করবে, কোনও জোটেই যাবেন না তিনি। ২০০৭ সালের মতো বিএসপি লোকসভা নির্বাচনে ভাল ফল করবে বলে দাবি করেছেন মায়াবতী। তিনি বলেন, এই দলের সর্বোচ্চ নেতৃত্বে রয়েছেন একজন দলিত। কোনও জোটে যোগ দিলে তারা বিএসপির ভোট পাবে। কিন্তু তিনি বা তাঁর দল অন্য দলের বিশেষ করে উচ্চবর্ণের ভোট পান না। সেই কারণে এই সিদ্ধান্ত।
দেশের বেশিরভাগ দল বিএসপির সঙ্গে জোট করে নির্বাচনে লড়াই করতে চায় দাবি করে মায়াবতী বলেন, জোট করে নির্বাচনে লড়াই করলে অন্যদলের লাভ হলেও বিএসপির ক্ষতি বেশি হয়। বিএসপির ভোট শতাংশও কমে যায়। এদিনের সাংবাদিক সম্মেলনে মায়াবতী যে কোনও সময় ইভিএম বিকল হওয়ার আশঙ্কা প্রকাশও করেছেন।
মায়াবতী এদিন বলেছেন, বিএসপি উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং একা সরকারও গঠন করেছে। বিএসপি বিনামূল্যে কাউকে সমর্থন করবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। নির্বাচনের পরে প্রয়োজন পড়লে জোটে যোগ দিতে পারেন বলেও জানিয়েছেন তিনি।
উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, এখনকার সরকারগুলি নাম পরিবর্তন এবং ঘোষণা করতে ব্যস্ত। যাক সঙ্গে বাস্তবতার কোনও সম্পর্ক নেই। বিজেপি ও কংগ্রেসের চিন্তাকে বর্ণবাদী বলে আক্রমণ করেছেন তিনি। নাম না করে বিজেপিকে নিশানা করে মায়াবতী বলেছেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলি ধর্ম ও সংস্কৃতির আগুনে রাজনীতি করছে, যা গণতন্ত্রকে দুর্বল করছে।
অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে আমন্ত্রণ প্রসঙ্গে মায়াবতী বলেছেন, তিনি আমন্ত্রণ পেয়েছেন। কিন্তু দলীয় কাজে ব্যস্ত থাকায় যেতে পারবেন না। তবে যে কর্মসূচিই আয়োজন করা হোক না কেন, তাতে তাদের কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন মায়াবতী। তিনি আরও বলেছেন, বাবরি নিয়ে কিছু হলে, তিনি তাকেও স্বাগত জানাবেন।












Click it and Unblock the Notifications