বিজেপি নেতার মেয়ের সঙ্গে মুসলিম যুবকের বিয়ে! VHP-র প্রতিবাদে যে সিদ্ধান্ত নিল দু'পক্ষ
উত্তরখণ্ডের পৌরি পুরসভার চেয়ারম্যান তথা বিজেপি নেতা যশপাল বেনামের মেয়ের সঙ্গে এক মুসলিম যুবকের বিয়ে পিছিয়ে গেল ভিএইচপির প্রতিবাদে। ২৮ মে সেই বিয়ে হওয়ার কথা ছিল। বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক জানিয়েছেন মেয়ের দিকে তাকিয়ে তিনি এই বিয়েতে রাজি হয়েছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতির জেরে এই বিয়ে পিছিয়ে দেওয়া হয়েছে।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিজেপি নেতা বলেছেন, যে পরিবেশ তৈরি হয়েছে, তাতে উভয় পক্ষ একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছে, পুলিশি নিরাপত্তায় জনপ্রতিনিধির পরিবারের বিয়ে শোভা পায় না। যে কারণে ২৮ মে অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে যুবক মনিসের বাবা রইস বিয়ে পিছিয়ে যাওয়ার কোনও কারণ জানাননি।

উল্লেখ করা যেতে পারে বিজেপি নেতা যশপাল বেনামের মেয়ে মনিকার সঙ্গে উত্তর প্রদেশের আমেথির বাসিন্দা মহঃ মনিসের বিয়ের কার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তারপরে ভিএইচপি এবং বজরং দল এনিয়ে প্রতিবাদ জানায় এবং বিজেপির নেতার কুশপুতুল দাহ করে।
ভিএইচপির পৌরির স্থানীয় নেতৃত্বের তরফে এই বিয়ের প্রতিবাদ করা হয়েছে। তারা বলছে, বিজেপি নেতার মেয়েকে হয় ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হোক কিংবা জামাইকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করা হোক। উল্লেখ করা যেতে পারে প্রতিবাদের জেরে বিজেপি নেতা মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন শহর থেকে ছয় কিমি দূরে।

প্রকাশিত খবর অনুযায়ী, মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল হিন্দু রীতি অনুযায়ী। তবে ২৮ মের বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। এখন প্রতিবাদ সামলে কবে বিয়ের অনুষ্ঠান হয়, কিংবা আদৌ হয় কিনা এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications