২১০ টি সরকারি ওয়েবসাইট থেকে ফাঁস হয়ে গিয়েছে আধারের তথ্য, সংসদে দাঁড়িয়ে স্বীকারোক্তি মন্ত্রীর
দেশের ২১০ টি সরকারি ওয়েবসাইটে উপভোক্তাদের ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছে। পাশপাশি তাঁদের আধার সংক্রান্ত তথ্য, আধার নম্বরও দেখা যাচ্ছে বলে জানা গিয়েছে।
দেশের ২১০ টি সরকারি ওয়েবসাইটে উপভোক্তাদের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার খবরে ছড়িয়েছে চাঞ্চল্য। পাশপাশি উপভোক্তাদের আধার সংক্রান্ত তথ্য, আধার নম্বরও সাইটগুলিতে দেখা যাচ্ছে বলে জানা গিয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সরকারি ওয়েবসাইট যেমন রয়েছে, তেমনই রয়েছে রাজ্য সরকারি বেশ কয়েকটি ওয়েবসাইট, যেখানে এই সমস্ত গোপনীয় তথ্য উঠে আসছে। এদিকে, এই খবরের সত্যতা লোকসভায় স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পিপি চৌধুরি।[আরও পড়ুন:এখনও প্যান-এর সঙ্গে আধার লিঙ্ক করেননি, তাহলে উপায়]
চাঞ্চল্যকর এই খবরের প্রেক্ষিতে, কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পিপি চৌধুরি সংসদে জানিয়েছেন, আধারের তথ্য যাতে ওয়েবসাইটগুলি থেকে সরিয়ে ফেলা যায় তার জন্য় ক্রমাগত ব্য়বস্থা নিচ্ছে কেন্দ্রীয় সরকার। বিষয়টির দিকে কেন্দ্রীয় সরকার নজর রাখছে বলেও এদিন জানান তিনি।[আরও পড়ুন:এবার ম্যারেজ সার্টিফিকেট-এর সঙ্গে আধার সংযুক্ত করা আবশ্যিক হতে পারে]

খবর, কেন্দ্রীয় ও রাজ্যসরকারি ২১০ টি ওয়েবসাইট সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে উপভোক্তদের নাম, ঠিকানা, ও বহু তথ্য প্রকাশিত হয়ে রয়েছে। সঙ্গে দেখানো হচ্ছে তাঁদের আধার নম্বরও। এদিকে, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা UIDAI-র তরফে কোনও গ্রাহক সংক্রান্ত তথ্য বাইরে বার করা হয়নি বলেও এদিন সংসদে জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী।
পিপি চৌধুরি আরও জানান যে, আধারের তথ্য হিসাবে কেবল বায়োমেট্রিক-ই প্রাইভেট কয়েকটি সংস্থার সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে। বাকি সবকটি বৈধ সংস্থার সঙ্গে এবিষয়ে তথ্য ভাগ করা হয়েছে। তাও যে অ্যাপ্লিকেশন দ্বারা এই তথ্য প্রদান করা হয়েছে, সেটিও যেথেষ্ট গোপনীয়তা বজায় রেখেছে। তবে এবছরের ১৩ জুলাই, ১২৩ টি কেন্দ্রীয় ও রাজ্যসরকারি প্রকল্প আধার অ্যাক্ট ২০১৬ এর বেশ কিছু ধারায় অন্তর্গত হয়। এই প্রকল্পগুলির জন্য আধার নম্বর প্রয়োজন ছিল উপভোক্তাদের। এখন প্রশ্ন উঠছে সেখান থেকে কী কোনওভাবে এই তথ্য বাইরে বেরিয়েছে?
তবে অন্য একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, প্যানের সঙ্গে আধার সংযুক্ত করায় তা থেকে তথ্য বেরিয়েছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে। কারণ সেটিই তথ্যচুরির একমাত্র বড় রাস্তা হলেও হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে , পরিস্থিতির বিচারে খুব শিগিগিরিই এই সমস্যাকে সমাধান করে ফেলার চেষ্টা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications