ভাই এর '৬০', 'শুভ জন্মদিন ভাই'! শাহরুখকে শুভেচ্ছা বার্তা দিদি মমতার, বিশেষ দিনে আর কী লিখলেন মুখ্যমন্ত্রী?
আজ বড়পর্দার জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের ৬০ তম জন্মদিন। ২০১৪ সালে একটি অনুষ্ঠানে শাহরুখ খানকে 'ভাই' সম্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাখি উৎসবের দিন নায়কের হাতে রাখিও বেঁধে দিয়েছিলেন তিনি। ২ নভেম্বর ঠিক রাত ১২টার এক মিনিটের আগে 'ভাই'-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এক্স (X) হ্যান্ডলে একটি পোস্ট করেন মমতা। শুভেচ্ছাবার্তায় শাহরুখ খানের উন্নতিও কামনা করেছেন মমতা।

বলিউডের বাদশা, রোমান্সের রাজা শাহরুখ খানের জন্মদিন উপলক্ষ্যে দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ভক্তরা তাঁকে ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন। সকাল থেকেই শাহরুখ খানের জন্মদিনের শুভেচ্ছায় ভরে গেছে পুরো সোশ্যাল মিডিয়া। এই বিশেষ 'ভাই'কে শুভেচ্ছা জানিয়ে তিনি তাঁর এক্স (X) লিখেছেন, "আমার ভাই শাহরুখ খানের আজ জন্মদিন। তোমার অবদানে ভারতীয় ছায়াছবি আরও সমৃদ্ধ হোক। তোমার চলার পথ আরও বিস্তৃত হোক।" শাহরুখ খানের ভক্তদের কথায়, শাহরুখ হলেন নতুন একটি বইয়ের পৃষ্ঠার মতো যার থেকে কোনোদিনও নতুনের সেই গন্ধটা যায়না। তাই শুভেচ্ছার বার্তায় ভক্তরা '৬০ তম' জন্মদিন উল্লেখ না করে শুধু বলেছেন, 'আজ বাদশার জন্মদিন'।
শাহরুখ খান কলকাতার আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজির মালিক তিনি। যে কারণে তিনি প্রায়শই পশ্চিমবঙ্গ এবং কলকাতায় ভ্রমণ করেন। নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে, শাহরুখের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খুবই ভালো এবং ঘনিষ্ঠ সম্পর্ক। তাই মমতা শাহরুখকে তাঁর ভাই বলেই মনে করেন।
এটা এই প্রথমবার নয় যে মমতা শাহরুখের জন্য কোনও বিশেষ বার্তা দিয়েছেন। কিছুদিন আগেও যখন খবর ছড়িয়ে পড়ে যে শাহরুখ খান তাঁর সিনেমা 'কিং'-এর শুটিংয়ের সময় আহত হয়ে পেশিতে চোট পেয়েছেন এবং ডাক্তাররা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্টাগ্রামে শাহরুখ খানের দ্রুত সুস্থতা কামনা করে একটি বার্তা পোস্ট করেছিলেন।












Click it and Unblock the Notifications