বড় নিরাপত্তা হুমকি, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর আহ্বান মোদীর
নাগরিক নিরাপত্তা ও সার্বভৌমত্বকে কেন্দ্র করে জোরালো বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার তিনি বলেন, দেশের ভেতরে অনুপ্রবেশ এখন "গুরুতর নিরাপত্তা হুমকি", তাই বেআইনি অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ফেরত পাঠানো জরুরি। তার কথায়, বিশ্বের কোনও দেশই অবৈধ অনুপ্রবেশকে প্রশ্রয় দেয় না।
এদিন বিজেপির নতুন সভাপতি হিসেবে নীতিন নবীনের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, উন্নত দেশগুলোও এখন সীমান্তের ভেতরে কে ঢুকছে, কে থাকছে, তা কঠোরভাবে তদন্ত করছে। সেই প্রেক্ষিতে ভারতও পিছিয়ে থাকতে পারে না। মোদী অভিযোগ করেন, অনুপ্রবেশকারীরা দেশবাসীর অধিকার, বিশেষত দরিদ্র ও যুবসমাজের সুযোগ সুবিধা "লুটে নিচ্ছে"।

তিনি আরও আক্রমণ শানিয়ে বলেন, ভোটব্যাংকের রাজনীতির জন্য যে সব রাজনৈতিক দল অনুপ্রবেশকারীদের রক্ষা করে, তাদের মুখোশ জনতার সামনে খুলে দেওয়া উচিত।
অনুপ্রবেশের পাশাপাশি প্রধানমন্ত্রী তুলে ধরেন আরেকটি চ্যালেঞ্জ "আরবান নকশালবাদ"। তাঁর মতে, এই প্রবণতার জাল এখন শুধু শহরেই নয়, আন্তর্জাতিক পরিসরেও ছড়িয়ে পড়ছে। মোদীর দাবি, আজ এমন পরিবেশ তৈরি হয়েছে যেখানে কেউ সরকারের কাজের প্রশংসায় এক দু'টি টুইট করলেও বা কোনও সংবাদমাধ্যমে ইতিবাচক মন্তব্য করলেও, কিছু সাংবাদিক ও বুদ্ধিজীবী তাদের 'হেনস্থা' করে বিচ্ছিন্ন করে দেয়।
"এটাই আরবান নকশালবাদের কৌশল," মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, বহু বছর ধরেই বিজেপিকে সমাজে বিচ্ছিন্ন ও 'অস্পৃশ্য' করে রাখার চেষ্টা হয়েছে, কিন্তু আজ দেশ এই কৌশলগুলোকে চিনছে। মোদী অভিযোগ করেন, "আরবান নকশালরা ভারতকে দুর্বল করার জন্য নিরন্তর কাজ করছে।"












Click it and Unblock the Notifications