Maharashtra Assembly Election: মহারাষ্ট্রে ক্ষমতায় এলেই জাত-শুমারি করবে ইন্ডি, ইশতেহারে আর কী কী প্রতিশ্রুতি?
Maharashtra Assembly Election 2024: বিজেপির ইশতেহার প্রকাশের দিনই ইশতেহার প্রকাশ করল মহারাষ্ট্রের বিরোধী শিবির মহা বিকাশ অঘাড়ি (Maha Vikas Aghadi)। আসন্ন বিধানসভা ভোটে জিতলে জাতিগত শুমারি (Caste Census) করার প্রতিশ্রুতি বিরোধীদের। রবিবার ইশতেহার প্রকাশ করেন জোটের প্রধান শরিক কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)।
ক্ষমতায় এলে রাজ্যে ৫০ শতাংশ সংরক্ষণের সীমা বৃদ্ধি করারও প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস সভাপতি। এদিন তিনি বলেন, "ভোটে জিতলে তামিলনাড়ুর মতোই মহারাষ্ট্রেও ৫০ শতাংশ সংরক্ষণের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করা হবে। জাতিগত শুমারি করার লক্ষ্য জাতপাত ভেদাভেদ করা নয়, বরং নির্দিষ্ঠ জনগোষ্ঠী অনুযায়ী যাতে সুযোগ-সুবিধা সঠিক আকারে বণ্টন হয়, তা নিশ্চিত করা।"

নির্বাচনী ইশতেহারে (Poll Manifesto) পাঁচ ক্ষেত্রে পাঁচ গ্যারান্টির (Five Guarantees) কথা উল্লেখ করেছে বিরোধীরা। কৃষি, গ্রামোন্নয়ন, নগরোন্নয়ন ও স্বাস্থ্যক্ষেত্রে উন্নতির প্রতিশ্রুতি দিয়েছে মহা বিকাশ অঘাড়ি। একইসঙ্গে শিল্প ও কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দিয়েছেন কংগ্রেস সভাপতি (Congress Chief)।
উল্লেখ্য, রবিবার ইশতেহার প্রকাশ করে বিজেপিও। মুম্বইয়ে আনুষ্ঠানিকভাবে ইশতেহার প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইশতেহারে কৃষক ও মহিলাদের উন্নয়নে প্রাধান্য দিয়েছে তারা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়ল, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ-সহ অন্যান্যরা।
মহারাষ্ট্রে দলের ইশতেহারকে লক্ষ্য পত্র হিসেবে ব্যাখ্যা করেছে বিজেপি। মিশন অলিম্পিক্স ৩৬, কৃষকদের সহায়তা-সহ নারীদের 'লড়কি বেহেন যোজনা' ও স্বাস্থ্যক্ষেত্রে একাধিক প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া শিবির।
২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় ২০ নভেম্বর নির্বাচন। মহাজুটিতে বিজেপির সঙ্গে জোটবদ্ধ রয়েছে একনাথ শিন্ডের শিবসেনা ও অজিত পাওয়ারের এনসিপি। অন্যদিকে মহা বিকাশ অঘাড়িতে রয়েছে কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা ও শরদ পাওয়ারের এনসিপি। ২৩ নভেম্বর ভোটের ফলাফল ঘোষণা।












Click it and Unblock the Notifications