Madras High Court On Priests: পুরোহিত নিয়োগে অন্তরায় নয় জাতি-বর্ণ, আদালতের ঐতিহাসিক রায়
Madras High Court On Priests: পুরোহিত নিয়োগ নিয়ে মাদ্রাজ হাইকোর্টের ঐতিহাসিক রায়। পুরোহিত নিয়োগের ক্ষেত্রে জাতি বিবেচ্য হবে না। সাফ জানাল আদালত।
যদিও সংশ্লিষ্ট মন্দিরের পূজা-অর্চনার রীতি-নীতি সম্পর্কে সম্যক জ্ঞান থাকা পুরোহিত নিয়োগের ক্ষেত্রে মাপকাঠি বলে উল্লেখ করেছে মাদ্রাজ হাইকোর্ট।

বিচারপতি এন আনন্দ ভেঙ্কটেশ রায় দিতে গিয়ে বলেছেন, অর্চক বা পূজারী নিয়োগের ক্ষেত্রে জাতিগত বংশপরিচয় গুরুত্বপূর্ণ নয়। যদি কেউ প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে যোগ্যতাসম্পন্ন হন, তাহলেই তাঁকে কোনও মন্দিরে পুরোহিত হিসেবে নিযুক্ত করা যাবে।
কোনও আগাম মন্দিরে (agamic temple) অর্চক বা স্থানিকম নিয়োগের বিষয়ে আদালত আরও জানিয়েছে, ট্রাস্টির হাতেই পুরোহিত নিয়োগ করার বিষয়টি ছেড়ে দেওয়া উচিত। মন্দিরে তিনি পূজার জন্য উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত কিনা, সমস্ত রীতি বা আচার সম্পর্কে অবগত কিনা সেগুলি দেখে নিতে হবে পুরোহিত নিয়োগের আগে।

সালেমের সুগাবাণেশ্বরার মন্দিরে অর্চক বা স্থানিকম নিয়োগ সংক্রান্ত নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে ২০১৮ সালে আদালতে মুথু সুব্রামানিয়া গুরুক্কালের তরফে মামলা দায়ের করা হয়েছিল। ওই মন্দিরে তিনি পূজা করার অধিকারী হলেও নয়া নির্দেশিকায় তাঁর অধিকার খর্ব হচ্ছে বলে অভিযোগ এনে আদালতের শরণাপন্ন হন তিনি।
এরপর আদালত সংশ্লিষ্ট এগজিকিউটিভ অফিসারকে নির্দেশ দিয়ে বলেছে, পুরোহিত নিয়োগের নতুন বিজ্ঞাপন প্রকাশ করতে হবে। পুরোহিত বাছাই প্রক্রিয়ায় সুযোগ দিতে হবে আবেদনকারীকেও। আদালতের রায়ে উল্লেখ, ধর্মীয় সেবার বিষয়টি সংশ্লিষ্ট ধর্মের সঙ্গে যুক্ত। কিন্তু অর্চক বা পুরোহিতের বিষয়টি ধর্মনিরপেক্ষ।

ফলে জাতি বা বর্ণ কারও অর্চক বা পুরোহিত হওয়ার পথে অন্তরায় হতে পারে না বলেই জানিয়েছে আদালত। যদিও সংশ্লিষ্ট মন্দিরের পূজার্চনার রীতি-আচার সম্পর্কে তিনি কতটা ওয়াকিবলার, কতটা প্রশিক্ষিত, তিনি সবকিছু মেনে পূজা করতে পারবেন কিনা, এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ।












Click it and Unblock the Notifications