'তিনি ইংরেজদের দালাল'! রামমোহন রায়কে ‘ভুয়ো সমাজ সংস্কারক’ বললেন মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী, শুরু বিতর্ক
মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী ও বিজেপি নেতা ইন্দর সিং পরমার বীরসা মুন্ডার ১৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে উনবিংশ শতকের প্রখ্যাত সমাজসংস্কারক রাজা রামমোহন রায়কে 'ইংরেজদের দালাল' বলে দাবি করেছেন। সমাজ এবং ধর্মীয় সংস্কারক হিসাবে বিশ্বজোড়া পরিচিতি রাজা রামমোহন রায়ের। রাজা রামমোহন রায় নাকি ব্রিটিশদের স্বার্থ রক্ষার জন্য কাজ করতেন। ইন্দর সিং পরমারের অভিযোগ, তখনকার সময় বাংলায় নাকি পশ্চিমী শিক্ষার দ্বারা ধর্মান্তরের এক চক্র চালানো হচ্ছিল। তিনি আরও দাবি করেছেন, অনেক ভারতীয় সংস্কারককে ব্রিটিশরা তাদের দাসত্বে আবদ্ধ করেছিল এবং রাজা রামমোহন রায়ও তাঁদের মধ্যে একজন ছিলেন।

বিরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত হন ইন্দর সিং পরমার। সেই অনুষ্ঠানে আদিবাসী নেতা বিরসা মুন্ডার মাহাত্ম্য তুলে ধরতে গিয়ে তিনি রামমোহনের মতো তৎকালীন সমাজ সংস্কারকের কথাও তুলে ধরেন। সেখানে তিনি বলেন, "রাজা রামমোহন রায় ব্রিটিশদের একজন এজেন্ট ছিলেন। তিনি দেশে থেকে ব্রিটিশদের দালালের মতো কাজ করতেন। তিনি ধর্মান্তরণের অত্যন্ত ভয়ঙ্কর কুচক্রের শুরু করেছিলেন। বেশ কয়েক জন ভারতীয় লোককে ব্রিটিশরা ভুয়ো সমাজ সংস্কারক হিসাবে গড়ে তুলেছিল। রাজা রামমোহন রায়ও তাদের মধ্যেই একজন ছিলেন এবং তিনি ব্রিটিশদের দালাল হিসাবে কাজ করতেন।"
ইন্দর সিং-এর কথায়, ইংরেজি শিক্ষার মাধ্যমে তখন দেশের মানুষের ভাবনা বদলানোর চেষ্টা করা হয়েছিল এবং মিশনারি স্কুলগুলিতে ধর্মান্তরণের কুচক্র চালানো হত। কিন্তু বিরসা মুন্ডা সেই কুচক্রের বিরুদ্ধে গিয়ে লড়াই করেছিলেন।
এর আগেও একবার ইন্দর সিং পরমার বিতর্কে জড়িয়েছিলেন। তখন তাঁর দাবি ছিল, ভারতকে ভাস্কো দা গামা নন বরং চন্দন নামের এক ব্যবসায়ী আবিষ্কার করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের সমাবেশে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, দেশবাসীর সবাইকে ভুল ইতিহাস পড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, বিরসা মুন্ডা নিজের প্রাণ বিসর্জন দিয়ে আদিবাসী সমাজ এবং সমাজের সংস্কৃতিকে রক্ষা করেছিলেন। সঙ্গে তিনি ২০২৫ সালকে একটি গুরুত্বপূর্ণ বছর বলে উল্লেখ করেন। কারণ এই বছর বিরসা মুন্ডা ও সর্দার পটেলের ১৫০তম জন্মবার্ষিকী।












Click it and Unblock the Notifications