Madhya Pradesh Election 2023: মূর্খ নেতা, কোন জগতে বাস করো? মধ্যপ্রদেশে রাহুলকে নিশানা মোদীর
Madhya Pradesh Election 2023: দাঙ্গা ও গুণ্ডামি করা কংগ্রেসের স্বভাব। মধ্যপ্রদেশের শাজাপুরে দলীয় সভায় কংগ্রেসকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এছাড়াও তিনি রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ করেছেন।
২৩০ আসন বিশিষ্ট মধ্যপ্রদেশে ১৭ নভেম্বর বিধানসভা নির্বাচন হতে চলেছে। তার জন্য নির্বাচনী প্রচার শেষ হবে ১৫ নভেম্বর বিকেলে। তার আগে কংগ্রেস ও বিজেপি তাদের পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। একদিকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা অন্যদিকে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খারগে মধ্যপ্রদেশে একের পর এর সভা করে চলেছেন।

বেতুলের জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। তিনি নাম না করে রাহুল গান্ধীকে কটাক্ষ করেন। মেড ইন চায়না ফোন নিয়ে রাহুল গান্ধীর বক্তব্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের এক বড় নেতা বলেছিলেন, ভারতে সবার কাছে মেড ইন চায়না ফোন রয়েছে।
তিনি বলেন, ওহে মূর্খ নেতা, তুমি কোন জগতে বাস করো? কংগ্রেস নেতারা দেশের অর্জনকে না দেখার মানসিক রোগ তৈরি করেছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, সত্যি হল ভারত আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন প্রস্তুতকারক।
প্রধানমন্ত্রী মোদী বলেন, কংগ্রেস যখন কেন্দ্রে ক্ষমতায় ছিল, সেই সময় দেশে প্রতি বছর ২০ হাজার কোটি টাকার কম মূল্যের মোবাইল ফোন তৈরি হত। বর্তমানে সেখানে ৩.৫ কোটি টাকার বেশি মূল্যের মোবাইল ফোন ভারতে তৈরি হয়।
প্রধানমনন্ত্রী বলেন, ১৭ নভেম্বর যত এগিয়ে আসছে, কংগ্রেস নেতাদের মুখোশ খুলে যাচ্ছে। তিনি যা রিপোর্ট পেয়েছেন, তাতে কংগ্রেস রাজ্যে পরাজয় মেনে নিয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, কংগ্রেস মেনে নিয়েছে, তাদের মিথ্যা প্রতিশ্রুতি মোদীর গ্যারান্টির সামনে এক মুহূর্ত দাঁড়াতে পারে না।
কংগ্রেসের বিরুদ্ধে ফের একবার তুষ্টিকরণের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেছেন, কংগ্রেস যেখানেই এসেছে, সেখানেই ধ্বংস ডেকেছে। কংগ্রেস কৃষক, যুবক ও মহিলাদের শত্রু। তারা যাই করুক না কেন, পরিবারের নামে করে। তিনি বলেছেন কংগ্রেসের কাছে রয়েছে শুধুই হতাশা, বিরোধিতা আর নেতিবাচকতা। আর কংগ্রেস তার স্বভাবগত কারণে দাঙ্গা ও দুর্নীতিকে উৎসাহিত করে।
নতুন ভোটারদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, যাঁরা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, তাদের উচিত অতীতের ইতিহাস জানা। বাড়ির লোককেই জিজ্ঞাসা করতে হবে, তাদের জীবন কোন কঠিনের মধ্যে দিয়ে গিয়েছে।
প্রসঙ্গত সোমবার রাহুল গান্ধী মধ্যপ্রদেশের হারদার নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় 'মেড ইন চায়না'কে মেড ইন মধ্যপ্রদেশ করার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, মোবাইল ফোনের পিছনে তাকান, জামার পিছনে তাকান, জুতোর নিচে তাকান, দেখবেন মেড ইন চায়না। সেই সব জায়গায় মেড ইন মধ্যপ্রদেশ কংগ্রেস করতে চায়।












Click it and Unblock the Notifications