LPG Price Hike: আরও মহার্ঘ রান্নার গ্যাস! একলাফে ৫০ টাকা দাম বাড়ল সিলিন্ডার পিছু
LPG Price Hike: দাম বাড়ছে রান্নার গ্য়াসের। একলাফে ৫০ টাকা দাম বাড়ানো হচ্ছে রান্নার এলপিজি সিলিন্ডার পিছু। সোমবার একথা ঘোষণা করেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। দাম বাড়ার জেরে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮০৩ টাকা থেকে বেড়ে দাঁড়াল ৮৫৩ টাকা। উজ্জ্বলা যোজনার আওতায় গ্যাসের দাম ৫০৩ টাকা থেকে বেড়ে ৫৫৩ টাকা দাঁড়াল।
এদিন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী সাংবাদিক বৈঠকে জানান, "উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত ও আওতাবিহীন সকল উপভোক্তাদের জন্যই ৫০ টাকা করে গ্যাস সিলিন্ডার পিছু দাম বাড়ানো হচ্ছে। প্রতি ১৫ দিন বা এক মাস অন্তর দাম নিয়ে পর্যালোচনা করা হবে।" উল্লেখযোগ্য বিষয়, গত ২০২৪ সালের অগাস্ট থেকে এতদিন পর্যন্ত ১৪.২ কেজির গৃহস্থালির রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই রয়েছে।

নতুন অর্থবর্ষের শুরুতেই গত ১ এপ্রিল ব্যবসায়ীদের কিছুটা স্বস্তি দিয়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানোর ঘোষণা করেছিল অয়েল মার্কেটিং কোম্পানিগুলি। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৪১ টাকা কম হয়েছিল সেবারে। রাজধানী দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এসে দাঁড়ায় ১৭৬২ টাকা।
প্রসঙ্গত, সোমবার পেট্রোল ও ডিজেলের উপরও শুল্ক বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। ২ টাকা করে শুল্ক বাড়িয়েছে কেন্দ্র। অর্থমন্ত্রকের মুনাফা দফতরের তরফে সোমবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় এমনটাই। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বিগত ৪ বছরে সর্বনিম্ন হওয়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার থেকেই নতুন দাম কার্যকর হবে বলে ঘোষণা করেছে সরকার।
স্বাভাবিকভাবেই যেকোনও শুল্কের খাঁড়া সরাসরি আমজনতার উপরেই পড়ে। পণ্য হোক বা পরিষেবা বাবদ কর দিতে হয় আমজনতার গ্যাঁটের কড়ি থেকেই। তবে পেট্রল ডিজেলের ক্ষেত্রে সরাসরি প্রভাব পড়বে না দামে। অয়েল মার্কেটিং কোম্পানিগুলিকেই শুল্কের খরচ বহন করতে হবে। শুল্ক বৃদ্ধির ফলে পেট্রল ও ডিজেলের খুচরো দামে কোনও বৃদ্ধি হবে না বলেই জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications