Ambedkar Row: সংসদ ভবনের গেটে প্রতিবাদে নিষেধাজ্ঞা! আম্বেদকর ইস্যুতে ধাক্কা-তরজার পর কড়া নির্দেশ স্পিকারের
Protest at Parliament Gate Banned: আম্বেদকর ইস্যুতে দিনভর সংসদ চত্বর উত্তপ্ত থাকার পর কড়া নির্দেশিকা (strict instructions) জারি করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা (OM Birla)। সংসদ ভবনের গেটে কোনও সাংসদ বা রাজনৈতিক দলের প্রতিবাদ প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি স্পিকারের। সংসদ ভবনের কোনও গেটেই প্রতিবাদ প্রদর্শন করতে পারবেন না সাংসদরা।
বৃহস্পতিবার সংসদের মকর দ্বারে (Makar Dwar) ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এনডিএ ও ইন্ডি জোটের সাংসদরা (NDA vs INDI)। আহত হন দুই বিজেপি সাংসদ। পাল্টা বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে কংগ্রেস। সংসদ ভবনের বাইরে কার্যত নজিরবিহীন দৃশ্য দেখা যায়। সংসদ চত্বরে চিৎকার পর্যন্ত করতে দেখা যায় সাংসদদের।

সংসদে ধাক্কাধাক্কি নিয়েও তরজায় পৌঁছয় কংগ্রেস বিজেপি। ধাক্কার পাল্টা ধাক্কা দেওয়ার দাবিতে চরমে ওঠে সংঘাত। বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গীকে ধাক্কা মারার অভিযোগ ওঠে রাহুল গান্ধীর বিরুদ্ধে। সংসদ চত্বরে আহত বিজেপি সাংসদের সঙ্গে সশরীরে এসে দেখাও করেন রাহুল। ওই বিজেপি সাংসদকে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ফোনে খোঁজ নিয়েছেন বলে জানা গিয়েছে।
রাহুলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন নাগাল্যান্ডের মহিলা বিজেপি সাংসদ ফ্যাঙ্গন কন্যাক। রাহুল গান্ধীর বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ তোলেন তিনি। যাওয়ার অন্য প্যাসেজ থাকা সত্ত্বেও বিজেপি সাংসদের কাছে রাহুল চলে আসেন বলে অভিযোগ। রাহুলের আচরণে তিনি অস্বস্তি বোধ করেন বলেও জানান নাগাল্যান্ডের ওই মহিলা সাংসদ।
রাহুল গান্ধীর বিরুদ্ধে সটান থানায় গিয়ে অভিযোগ দায়ের করে বিজেপি। বিজেপির অনুরাগ ঠাকুর, বাঁসুরী স্বরাজ ও টিডিপির এক সাংসদ মিলে এদিন দিল্লির পার্লামেন্ট স্ট্রীট থানায় গিয়ে রাহুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সংসদে ধস্তাধস্তি ও শারীরিক হেনস্থার অভিযোগে রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন এনডিএর সাংসদরা।
পাল্টা বিজেপির বিরুদ্ধে ধাক্কা দেওয়ার অভিযোগ করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বিজেপির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বিজেপি সাংসদরা তাঁকে ধাক্কা মেরে মাটিতে ঠেলে ফেলে দেওয়ায় হাঁটুতে আঘাত পেয়েছেন বলে অভিযোগ খাড়গের। ঘটনার তদন্তও দাবি করেছেন রাজ্যসভার বিরোধী দলনেতা।












Click it and Unblock the Notifications