Lok Sabha Session: ১৮ তম লোকসভার প্রথম অধিবেশন! বিরোধী ঐক্য তুলে ধরতে পরিকল্পনা ইন্ডিয়া ব্লকের
Lok Sabha Session: চার জুন ফল প্রকাশের পরে ১০ জুন নতুন সরকার শপথ নিয়েথছে। এবার নতুন সাংসদদের শপথ। তবে ১৮ তম লোকসভার অধিবেশনের শুরু থেকেই বিরোধীদের মধ্যে ঐক্যের পরিকল্পনা করা হয়েছে। সবার লক্ষ্য রয়েছে, সেই দিকেই, কীভাবে বিরোধীরা এনডিএ সরকারকে আক্রমণ করে আর সরকার কীভাবে তার মোকাবিলা করে।
সংসদে ঐক্যের প্রতীক হিসেবে ইন্ডিয়া ব্লক ভুক্ত সবকটি বিরোধী দলের সদস্যরা একসঙ্গে লোকসভায় প্রবেশ করবেন। তার আগে সবাই মহাত্মা গান্ধীর মূর্তির নিচে একসঙ্গে মিলিত হবেন। সাংসদরা সংবিধানের একটি অনুলিপি বহন করতে পারেন বলেও জানা গিয়েছে।

এদিকে সংসদ বিষয়কমন্ত্রী কিরেণ রিজিজু নিজের এক্স হ্যান্ডেলে সব নির্বাচিত সদস্যকে স্বাগত জানিয়েছেন। সংসদ বিষয়কমন্ত্রী হিসেবে তিনি সদস্যদের সহযোগিতা করতে তৈরি বলেও জানিয়েছেন।
এদিন দিনের শুরুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে প্রোটেম স্পিকারকে শপথ বাক্য পাঠ করাবেন। তারপর সংসদের উভয় সভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বেলা এগারোটায় প্রধানমন্ত্রী এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। শুরুতেই শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর মন্ত্রিসভার অন্য সদস্যরা। এরপর বর্ণানুক্রমে বিভিন্ন রাজ্যের সাংসদরা শপথ নেবেন। এক্ষেত্রে সব থেকে পরে শপথ নেবেন পশ্চিমবঙ্গের সাংসদরা। প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভার সদস্যদের হাউসে পরিচয় করিয়ে দেবেন।
বিজেপি নেতারা জানিয়েছেন, তাঁরা স্পিকারের পদ দলের মধ্যে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী। দলীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি ডেপুটি স্পিকারের পদ টিডিপিকে ছেড়ে দিতে আগ্রহী। অন্যদিকে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সাংসদদের নির্দেশ দিয়েছেন, অধিবেশনের প্রথম থেকেই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন জোট সরকারকে আক্রমণ করতে হবে।
এদিন লোকসভায় নীরবতা পালনের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। তারপর লোকসভার মহাসচিব উৎপল কুমার সিং লোকসভার নির্বাচিত সদস্যদের তালিকা হাউসের টেবিলে রাখবেন। তারপর লোকসভার নেতা তথা প্রধানমন্ত্রীকে হাউসের সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য ডাকা হবে।
তারপর প্রোটেম স্পিকার ২৬ জুন স্পিকার নির্বাচন পর্যন্ত হাউসের কাজ পরিচালনায় সহায়তা করতে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত চেয়ারপার্সনের প্যানেলকে শপথবাক্য পাঠ করাবেন। তারপরে প্রোটেম স্পিকার মন্ত্রিসভার সদস্য এবং লোকসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।












Click it and Unblock the Notifications