Lok Sabha Election: বুলেটের বিরুদ্ধে ব্যালটকে গুরুত্ব! বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে বড় পদক্ষেপ কমিশনের
Lok Sabha Election 2024: দেশের সমস্ত রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামীকাল ৪ মে, মঙ্গলবার ২০২৪-এর লোকসভা ভোটের ফলাফল। কার্যত গোটা বিশ্বের নজর ভারতের ফলাফলের উপর। এমনকি দেশের মানুষেরও নজর থাকবে ফলাফলের উপর।
কিন্তু নির্বাচন শেষ হতেই ভোট পরবর্তী (Lok Sabha Election 2024) হিংসার আশঙ্কা বাংলায়। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। বেশির ভাগ ক্ষেত্রেই আক্রান্তের তালিকায় বিজেপি নেতা-কর্মীরা। এই অবস্থায় নির্বাচনের পরেও বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।

তবে রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব সংশ্লিষ্ট সরকারের। ফলে বাহিনীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই কার্যত নিয়ন্ত্রণ করবে বলে জানিয়ে দিলেন নির্বাচন কমিশনার রাজীব কুমার। ফলাফলের আগে আজ সোমবার সাংবাদিকের মুখোমুখি হন। সেখানেই ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজীব কুমার বলেন, বাংলায় সাত দফায় নির্বাচন হয়েছে। বুলেটের থেকে বেশি ব্যালটকে গুরুত্ব দিয়েছে।
এই অবস্থায় ভোট পরবর্তী হিংসা হলে নির্বাচনবিধি প্রত্যাহারের পরেও নির্দিষ্ট সময় পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানান নির্বাচন কমিশনার। তবে তা রাজ্য সরকার নিয়ন্ত্রণ করবে বলেও এদিন জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার। বাংলার পাশাপাশি অন্ধপ্রদেশ সহ আরও বেশ কিছু রাজ্যে বাহিনী মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে। অন্যদিকে এদিন বাংলার ভোট নিয়ে কার্যত সন্তোষ প্রকাশ করেন নির্বাচন কমিশনার।
বলেন, এবার বাংলার ভোটে প্রথমবার কোনও হিংসা হয়নি। সবাই দেখেছে বাংলা, ত্রিপুরার মতো জায়গায় আগে কী হতো। এবার শান্তিপূর্ণ হয়েছে সবকিছু। তবে তা খুব একটা সহজ ছিল বলে জানান রাজীব কুমার। তাঁর দাবি, শান্তিপূর্ণ ভোট করার জন্য ২ বছর ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি কমিশনার রাজীব কুমার দাবি করেছেন, এখনও পর্যন্ত ভোট গণনায় কোনও ট্র্যাক রেকর্ড খারাপ করেনি কমিশন।
এবারও যথেষ্ট নিরপেক্ষতার সঙ্গেই গণনা সম্পন্ন হবে। শুধু তাই নয়, স্ট্রং রুমের নিরাপত্তা যথেষ্ট সুরক্ষিত এবং নিশ্ছিদ্র বলে দাবি করেছে নির্বাচন কমিশন। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রয়েছে গোটা দেশের সব স্ট্রং রুমে। সেই সঙ্গে সিসিটিভিতে নজরদারির কথাও বলা হয়েছে। বলে রাখা প্রয়োজন, কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের অপেক্ষা। এরপরেই ৫ বছর কার হাতে থাকবে দেশের শাসনভার থাকবে তা স্পষ্ট হয়ে যাবে।












Click it and Unblock the Notifications