TMC In Other States: বাংলার বাইরে তৃণমূলের ফল কেমন? লোকসভা নির্বাচনে ধাক্কা খেল 'সর্বভারতীয়' হওয়ার স্বপ্ন
TMC In Other States: পশ্চিমবঙ্গে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের তুলনায় আসন বেড়েছে তৃণমূল কংগ্রেসের। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন, ভোট লুঠ না হলে সংখ্যাটা হতো ৩৫।
তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় দলের তকমা হারিয়েছে। তা পুনরুদ্ধারে বাংলার বাইরে নির্বাচনে ভালো ফল করতে মরিয়া ছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু সেই পারফরম্যান্স পাতে দেওয়ার মতো নয়।

উত্তরপ্রদেশের ভাদোহি আসনটি তৃণমূল কংগ্রেসকে ছেড়েছিল সমাজবাদী পার্টি। সেই আসনটি থেকে জয়লাভ করেছেন বিজেপির ড. বিনোদ কুমার বিন্দ। তিনি ৪ লক্ষ ৫৯ হাজার ৯৮২ ভোট পেয়েছেন। তৃণমূলের টিকিটে লড়া ললিতেশপতি ত্রিপাঠী ৪ লক্ষ ১৫ হাজার ৯১০ ভোট পেয়েছেন। হারের ব্যবধান ৪৪,০৭২।
মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে অসমে গিয়েছিলেন। কোকরাঝাড় লোকসভা আসনে তৃণমূল প্রার্থী রয়েছেন ৬ নম্বরে। ইউপিপি লিবেরালের জয়ী প্রার্থীর থেকে তৃণমূল প্রার্থী গৌরীশংকর সরনিয়ার ব্যবধান ৪ লক্ষ ৬৫ হাজার ৪৭৬, তিনি ভোট পেয়েছেন ২৩৫১৯টি।
লখিমপুর আসনে তৃণমূল প্রার্থী ঘনকান্ত চুতিয়া চতুর্থ স্থান পেয়েছেন। জয়ী বিজেপি প্রার্থীর সঙ্গে তাঁর ব্যবধান ৬ লক্ষ ৪৮ হাজার ৯২৫। তিনি ভোট পেয়েছেন ১৪,১৯৭টি। অসমের শিলচরে তৃণমূলের রাধেশ্যাম বিশ্বাস তৃতীয় স্থানে রয়েছেন। তিনি ভোট পেয়েছেন ২০,৪৯৩টি। জয়ী বিজেপি প্রার্থীর চেয়ে পিছিয়ে ৬ লক্ষ ৩১ হাজার ৯১২ ভোটে।
বরপেটা লোকসভা আসনে তৃণমূলের আবুল কালাম আজাদ পেয়েছেন ১৬,৪৩২ ভোট। জয়ী অসম গণ পরিষদ প্রার্থীর চেয়ে তিনি পিছিয়ে ৮ লক্ষ ৪৩ হাজার ৬৮১ভোটে, চারে রয়েছেন এই তৃণমূল প্রার্থী। মেঘালয়ের তুরায় তৃণমূল তৃতীয় স্থানে। কংগ্রেসের জয়ী প্রার্থী সালেং ও সাংমার চেয়ে তৃণমূলের জেনিথ এম সাংমা পিছিয়ে ৩ লক্ষ ৩৫ হাজার ২১০ ভোটে, তিনি পেয়েছেন ৪৮,৭০৯টি ভোট।
অসমে তৃণমূল পেয়েছে ০.৩৭ শতাংশ ভোট। উত্তরপ্রদেশে তৃণমূলের প্রাপ্ত ভোটের হার ০.৪৭ শতাংশ। মেঘালয়ে ২.৮৫ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল। ত্রিপুরা ও গোয়ায় সরকার গড়ার স্বপ্ন দেখছিল তৃণমূল। যা বড় ধাক্কা খেয়েছে। এবার ত্রিপুরা ও গোয়ায় লোকসভা নির্বাচনে প্রার্থীই দিতে পারেনি তৃণমূল।












Click it and Unblock the Notifications