কোটি কোটি টাকা উদ্ধারের পরই মারাত্মক অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে, তৎপর কমিশন, মামলা রুজু
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট যে সব কেন্দ্রে হচ্ছে তার মধ্যে অন্যতম কর্নাটকের চিকবল্লাপুর। সেখানকার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ।
২০১৯ সালে এই আসনটি কংগ্রেসের থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি। সেখানে এবার গেরুয়া শিবিরের প্রার্থী কে সুধাকর। তাঁর বিরুদ্ধে মামলা রুজুর কথা আজ জানিয়েছে নির্বাচন কমিশন।

ভোটের আগের দিন, অর্থাৎ গতকাল ইয়েলেহাঙ্কার একটি বাড়ি থেকে ৪.৮ কোটি টাকা বাজেয়াপ্ত করে নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড টিম। গৃহকর্তাকে জিজ্ঞাসাবাদ করেই কে সুধাকরের নাম উঠে এসেছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছয় আয়কর দফতর। পাঁচশো টাকার প্রচুর বান্ডিল উদ্ধার হয়েছে।
গত ১৬ মার্চ নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর থেকে বেঙ্গালুরু থেকে এই নিয়ে প্রায় ১৭ কোটি টাকা বাজেয়াপ্ত হলো। সুধাকরের বিরুদ্ধে ভোটারদের ঘুষ দিয়ে তাঁদের অনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টার মতো গুরুতর অভিযোগ উঠেছে।
কর্নাটকের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, সুধাকরের নামে মাদানায়কনাহাল্লি থানায় এফআইআর দায়ের হয়েছে। জনপ্রতিনিধিত্বমূলক আইনের ধারার পাশাপাশি ঘুষ ও অনৈতিকভাবে প্রভাবিত করা সংক্রান্ত বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। যা স্বাভাবিকভাবেই বিজেপির অস্বস্তি বাড়ানোর পক্ষে যথেষ্ট।
কর্নাটকের প্রাক্তন স্বাস্থ্য ও স্বাস্থ্য শিক্ষা মন্ত্রী ছিলেন কে সুধাকর। এই লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারেও গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেঙ্গালুরুতে বিরাট জনসভায় ভাষণও দিয়েছিলেন। এই আসনটিতে কে সুধাকরের প্রতিপক্ষরা হলেন কংগ্রেসের রক্ষা রামাইয়া ও সিপিআইএমের এমপি মুনিভেঙ্কটাপ্পা। ১৯৯৮ সাল থেকে ২০১৪ অবধি আসনটি ছিল কংগ্রেসের দখলে। ২০০৯ ও ২০১৪ সালে সাংসদ হন বীরাপ্পা মৈলী। ২০১৯ সালে বিজেপির বিএন বাচে গৌড়া জিতেছিলেন।












Click it and Unblock the Notifications