SIR নিয়ে আলোচনার দাবি বিরোধী সাংসদদের! শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই মুলতুবি হল লোকসভা
আজ থেকেই সংসদে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। যা ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। এই শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগেই রবিবার সংসদ ভবনে সব দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছিল কেন্দ্র। আর সেই বৈঠকেই এরকম কিছু একটার ইঙ্গিতও পাওয়া গিয়েছিল। সেই ইঙ্গিত মিলিয়েই আজ লোকসভায় এসআইআর-কে ঘিরে অশান্তি ছড়ায়। শীতকালীন অধিবেশন শুরুর প্রথম দিনেই মুলতুবি হল লোকসভার অধিবেশন।

আজ অধিবেশনের সূচনাতেই প্রশ্নোত্তর পর্ব মুলতুবি করে কংগ্রেস, তৃণমূল-সহ আরও বিরোধী সাংসদেরা এসআইআর নিয়ে আলোচনা করার দাবি জানান। শাসক দলের সাংসদদের বেঞ্চ থেকে সেই দাবির পাল্টা প্রতিবাদ এলে স্পিকার ওম বিড়লা জানান যে, তিনি বিশেষ নিবিড় সংশোধন নিয়ে আলোচনার সুযোগ দিতে রাজি আছেন।
কিন্তু তৃণমূল-সহ আরও বিরোধী সাংসদদের প্রশ্নোত্তর পর্ব মুলতুবি করার দাবি মানতে রাজি না হওয়ায় পাল্টা স্লোগান শুরু হয়। শেষ পর্যন্ত স্পিকারের নির্দেশে মুলতুবি হয় এই অধিবেশন।
আজ থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। যা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। এই ১ থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে ছুটির দিনগুলি বাদ দিলে মোট ১৫ দিন অধিবেশন চলবে। সাধারণত ২০ দিন ধরে চলে শীতকালীন অধিবেশন। কিন্তু এ বছর এই অধিবেশনের সময়কাল ১৫ দিন, যা সাম্প্রতিক কালের তুলনায় অনেক কম।
অধিবেশনের সময়কালের এই বিষয়টি নিয়ে কংগ্রেস সহ অন্য বিরোধী দলগুলি সরব হয়েছে। রবিবারের বৈঠকের হওয়ার পরই কংগ্রেস সাংসদ গৌরব গগৈ দাবি করেছিলেন যে, "এই শীতকালীন অধিবেশনের কার্যদিবস ১৫ দিন। সম্ভবত সবচেয়ে ছোট অধিবেশন এটা। দিল্লি বিস্ফোরণের হওয়ার পর নিরাপত্তার ব্যর্থতা থেকে শুরু করে ভোটার তালিকা সুরক্ষা, অর্থনীতি, বিদেশনীতি সহ অসংখ্য জটিল ইস্যু আছে। অথচ সরকার এইসব নিয়ে আলোচনা চায় না বলেই অধিবেশনের সময়কাল ছোট করেছে। সরকার নিজেই যেন সংসদীয় রীতি নীতির কবর দিতে চাইছে।"
শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে ঢোকার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদ সভায় বিরোধীদের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছিলেন। সংসদে আলোচনার পরিবেশে শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়ে তিনি বলেছিলেন, "নাটক করার অন্যান্য অনেক জায়গাই রয়েছে। সংসদের এই অধিবেশন রাজনৈতিক নাটকের মঞ্চে পরিণত হওয়া উচিত নয়। বরং এখানে পরিষেবা দেওয়া প্রয়োজন।"
কিন্তু অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সংসদের অধিবেশনে তৃণমূল-সহ আরও বিরোধী সাংসদেরা প্রশ্নোত্তর পর্ব মুলতুবি করার দাবি করে এসআইআর (SIR) নিয়ে আলোচনা করার দাবি জানান। এর পরিণামে অধিবেশন শুরুর ২০ মিনিটের মধ্যেই মুলতুবি হল লোকসভার অধিবেশন।












Click it and Unblock the Notifications