কেরলের মুখ্যমন্ত্রী বিজয়নকে আক্রমণ নিয়ে ক্ষোভ! রাহুল গান্ধীর ডিএনএ পরীক্ষার দাবি 'কংগ্রেস ঘরের' বিধায়কের
বাংলার ৪২ টি আসনে বাম-কংগ্রেসের আসন সমঝোতা হলেও, কেরলে তা হয়নি। কারণ কেরলে এখনও পর্যন্ত প্রতিষ্ঠিত দুই রাজনৈতিক শক্তি হল সিপিআইএম নেতৃত্বাধীন এলডিএফ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ। এবারও রাহুল গান্ধীর ওয়ানাডে প্রার্থী হওয়ার নিয়ে সমালোচনায় সরব হয়েছিল সেখানকার বাম নেতৃত্ব। পরে রাহুল গান্ধী সেখানে প্রচার শুরু করেন।
সেখানেই লেগেছে গোল। প্রচারে রাহুল গান্ধী প্রবীণ সিপিআইএম নেতা তথা মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে নিশানা করেন। তিনি বলেন, দুর্নীতির অভিযোগ উঠলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি তাঁর বিরুদ্ধে কোনও তদন্ত কিংবা ব্যবস্থা নেয়নি।

বামেদের নিশানায় রাহুল
এরপরেই কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে নিশানা করেছেন কেরলের বাম নেতারা। তারা বলছেন, রাহুল গান্ধীর উচিত পিনারাই বিজয়নের পরিবর্তনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আরএসএসের সমালোচনা করা।
রাহুলের ডিএনএ পরীক্ষার দাবি
সেই পরিস্থিতিতে কেরলের এলডিএফ বিধায়ক পিভি আনোয়ার এদিন রাহুল গান্ধীকে নিশানা করে বলেছেন তাঁর ডিএনএ পরীক্ষা করা উচিত। তিনি আরও কটাক্ষ করে বলেছেন, রাহুল একজন চতুর্থ শ্রেণির নাগরিক। যিনি গন্ধী উপাধির মাধ্যমে ডাকার যোগ্য নন।
কংগ্রেসর পরিবারের সদস্য
প্রসঙ্গত পিভি আনোয়ার কংগ্রেস পরিবারের সদস্য। স্বাধীনতা সংগ্রামের সময় তাঁদের পরিবার ছিল কংগ্রেসের অনুগামী। পিভি আনোয়ারও কংগ্রেসের আদর্শে আকৃষ্ট ছিলেন ছাত্র জীবনে। কলেজ ইউনি.য়ের প্রধানও ছিলেন তিনি। কিন্তু রাজনৈতিক জীবনের শুরুতে প্রথমে তিনি নির্দল হিসেবে, পরে ২০১৬ সালে বাম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া
রাহুল গান্ধীর বিরুদ্ধে পিভি আনোয়ারের মন্তব্য নিয়ে এদিন কেরলের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, রাহুল গান্ধী যে কথা বলেছেন, তাঁর উত্তর তিনি পেয়ে যাবেন। কারণ তিনি সমালোচনার ঊর্ধ্বে নন।
নির্বাচন কমিশনে কংগ্রেস
এদিকে রাহুল গান্ধীর বিরুদ্ধে এই মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। পিভি আনোয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছে তারা। আনোয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করতে পুলিশের কাছে আবেদনও জানানো হয়েছে বলে জানিয়েছেন, প্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি এমএম হাসান।












Click it and Unblock the Notifications