Jharkhand: মঞ্চে ইন্ডিয়া জোটের নেতারা, ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন হেমন্ত সোরেন
বিশাল মঞ্চ। ইন্ডিয়া জোটের একাধিক নেতা মঞ্চে রয়েছেন। তার মধ্যেই শপথগ্রহণ করলেন হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে তিনি আরও একবার বসলেন৷ এনডিএ জোটকে এবারও বিধানসভা নির্বাচনে পর্যূদস্ত করেছে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা।
এই নিয়ে চতুর্থ বারের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের ১৪ তম মুখ্যমন্ত্রী হলেন তিনি। ইন্ডিয়া জোটের প্রথম সারির নেতারা এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খাড়গে উপস্থিত ছিলেন। লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী ছিলেন। এছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ছিলেন। ছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকেও দেখতে পাওয়া যায়।
এছাড়াও সাংসদ পাপ্পু যাদব, তামিলনাড়ুর ডেপুটি সিএম এবং ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন, এএপি সাংসদ রাঘব চাড্ডাকে দেখতে পাওয়া যায়। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও বৃহস্পতিবার উপস্থিত ছিলেন।
৪৯ বছর বয়সী আদিবাসী নেতা হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন। ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গওয়ার মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। এবারের বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ডে বড় জয় পেয়েছে জেএমএম নেতৃত্বাধীন জোট। ৮১ টি আসনের মধ্যে ৫৬ টি আসনই পেয়েছে তারা। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ মাত্র ২৪ টি আসন পেয়েছে। ঝাড়খণ্ডে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য ৪৩ টি আসন প্রয়োজন। জেএমএম একাই এবার ৩৪ টি আসন পেয়েছে।
রাঁচিতে এই শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই কারণে রাঁচির সব স্কুল এদিক আগে থেকেই ছুটি ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হেমন্ত সোরেনের সাক্ষাৎ হয়েছিল।












Click it and Unblock the Notifications