ভাইয়ের সাজা মানতে না পেরে প্রয়াত লালুর দিদি গঙ্গোত্রী
লালুপ্রসাদ যাদবের সাজা সহ্য করতে না পেরে প্রয়াত হলেন তার একমাত্র দিদি গঙ্গোত্রী দেবী।
পশুখাদ্য মামলায় সাড়ে তিন বছরের সাজা পেয়ে জেলে গিয়েছেন আরজেডি সুপ্রিমো তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। আর ভাইয়ের এই সাজা সহ্য করতে না পেরে প্রয়াত হলেন লালুর একমাত্র দিদি গঙ্গোত্রী দেবী। রবিবার ৭৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি।

ননদের মৃত্যুর খবর পেয়েই ছুটে গিয়েছেন রাবড়িদেবী। সঙ্গে গিয়েছেন দুই পুত্র তেজস্বী ও তেজপ্রতাপ পরিবারের অন্য আত্মীয়রা। তবে জেলে থাকায় দিদির শেষকৃত্যে আসতে পারবেন না লালু। লালুর সাজার খবর শোনার পর 'শক' পেয়ে মারা গিয়েছেন বলে দাবি করা হচ্ছে।
রাবড়িদেবী জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই ভাই লালুর মুক্তির জন্য প্রার্থনা চালিয়ে যাচ্ছিলেন তিনি। এমনকী রবিবার সারাদিনও প্রার্থনা করেন। তবে শেষবেলায় আর নিজেকে ধরে রাখতে পারেননি। ভাইয়োর খবর শোনার পর থেকেই একেবারে ভেঙে পড়েছিলেন তিনি।
পরিবার সূত্রে খবর, গোপালগঞ্জে গঙ্গোত্রীদেবীর শেষকৃত্য সম্পন্ন হবে। জেলে লালুকে খবর পৌঁছনো হলেও তিনি আসতে পারবেন না। শনিবার লালুকে সাড়ে তিন বছরের সাজা শোনানোর পাশাপাশি সিবিআই বিচারক ১০ লক্ষ টাকা জরিমানাও করেন।












Click it and Unblock the Notifications