Maha Kumbh Stampede: “বড় কিছু হয়নি,” মহাকুম্ভে পদপিষ্টকাণ্ডে দাবি বিজেপির হেমা মালিনীর
Maha Kumbh Stampede: মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় আসল মৃতের সংখ্যা লুকোনো হচ্ছে বলে সংসদে অভিযোগ করেন সপা সাংসদ অখিলেশ যাদব (Akhilesh Yadav)। এবার তারই পাল্টা জবাব দিতে গিয়ে বিজেপির তারকা সাংসদ হেমা মালিনীর (Hema Malini) দাবি, কুম্ভে যা ঘটেছে, এত বড় কিছু নয়। সবকিছু বাড়িয়ে বলা হচ্ছে বলে দাবি হেমার।
অখিলেশ যাদব সংসদে ভুল তথ্য (Wrong Information) দিয়েছেন বলে দাবি হেমা মালিনীর। মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা অখিলেশ অতিরঞ্জিত করে বলেছেন বলে অভিযোগ হেমার। তাঁর দাবি, "ভুল কথা বলাই অখিলেশের কাজ। আমরাও কুম্ভ মেলায় গিয়েছিলাম। ঘটনা একটা ঘটেছে, তবে তা এত বড় কিছু নয়। এটাকে বাড়িয়ে বলা হচ্ছে।"

সাংবাদিকদের উদ্দেশ্যে হেমা বলেন, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকার সুষ্ঠুভাবেই মহাকুম্ভ মেলা পরিচালনা করছে। তিনি বলেন, "খুবই সুন্দর করে সাজানো হয়েছে মহাকুম্ভ মেলা (Maha Kumbh Mela 2025)। সবকিছুর ব্যবস্থা রাখা হয়েছে। শয়ে শয়ে পুণ্যার্থী আসছেন সেখানে। পরিস্থিতি মোকাবিলায় বেগ পেতে হলেও আমরা নিজেদের সেরাটা দিচ্ছি।"
প্রসঙ্গত, এদিন সংসদে দাঁড়িয়ে দীর্ঘ ভাষণে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যুর ঘটনায় যোগীর সরকারের তীব্র সমালোচনা করেন অখিলেশ। গত ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যায় অমৃত স্নান করতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মারা যান জনা ৩০ জন। জখম হয় ৬০ জনের বেশি। সপা নেতার দাবি, মহাকুম্ভে মৌনী অমাবস্যায় পদপিষ্টের ঘটনায় যোগী আদিত্যনাথের সরকার মৃতের সংখ্যায় কারচুপি করছে।
অখিলেশ এদিন বলেন, "কেন্দ্রীয় সরকার শুধু বাজেটের সংখ্যা নিয়ে বলছেন, একবার কুম্ভের মৃতদের সংখ্যাটাও বলুন। মহাকুম্ভে মৃত ও জখমদের সংখ্যা সংসদে পেশ হোক। একইসঙ্গে প্রয়োজনীয় ওষুধ রয়েছে কি না, চিকিৎসক, খাবার, জল, পরিবহনের ব্যবস্থা রয়েছে কি না, সেসম্পর্কে বিস্তারিত তথ্য সংসদে পেশ করতে হবে।"
জেসিবি মেশিন ব্যবহার করে পদপিষ্টে মৃতদের দেহ রাতারাতি মাটিতে চাপা দেওয়া হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ অখিলেশের। এখানেই থেমে থাকেননি অখিলেশ। তাঁর আরও বক্তব্য, "সবাই যখন মৃতের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে, ওমনি সরকার ধামাচাপা দিতে উঠেপড়ে লেগেছে।"












Click it and Unblock the Notifications