ছটপুজোয় দূষণ রুখতে বিশেষ ব্যবস্থা! জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ পেয়ে কী কী সিদ্ধান্ত কলকাতা পুরসভার?
ছট পূজার ইতিহাস বেশ প্রাচীন এবং এটি মূলত সূর্য ও দেবী ষষ্ঠীর আরাধনার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। মূলত বিহারে এই পুজো পালিত হয়। যদিও বর্তমান সময়ে অন্যান্য স্থানেও এই পুজো করা হয়ে থাকে। চলতি বছরে ছটপুজো ২৭ অক্টোবর এবং ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। তাই কালীপুজোর বিসর্জন শেষ হতে না হতেই কলকাতা পুরসভা ছোটপুজোর প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়েছে।

ইতিমধ্যেই ,কলকাতা পুরসভা ছটপুজোর জন্য শহরজুড়ে গঙ্গার ঘাট ও পুকুরে বিশেষ প্রস্তুতি নিচ্ছে। যেখানে ভক্তদের নিরাপত্তা, সুবিধা ও ভিড় নিয়ন্ত্রণে পর্যাপ্ত আলো, পানীয় জল, এবং কৃত্রিম জলাশয়ের ব্যবস্থা করা হচ্ছে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (KMC) উৎসবের সময় শহরের সুব্যবস্থা নিশ্চিত করতে একটি বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছে। উৎসবের সময় ২৪/৭ জরুরি ব্যবস্থা চালু করা হয়েছে। কলকাতা পুলিশ, পুরসভাকে রাস্তা সংস্কারের জন্য ২৬৪টি স্থানের একটি তালিকা দিয়েছে। পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছেন, জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি)-এর নির্দেশ যাতে কোনও ভাবে ভঙ্গ না করা হয়, সে দিকে কড়া নজর রাখা হচ্ছে। কারণ, আগেও ছটপুজোকে ঘিরে জল ও পরিবেশ দূষণের অভিযোগের জন্য আগেই হস্তক্ষেপ করেছিল জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল। সেই মামলার প্রেক্ষাপটেই রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরের ভিতরে ছটপুজোর আয়োজন নিষিদ্ধ করা হয়েছিল।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, হুগলি নদীর ধারে মোট ৩৫টি ঘাট এবং শহর জুড়ে আরও ৭৬টি জলাশয়ে বিশেষভাবে প্রস্তুতির কাজ চলছে। গঙ্গার ঘাটের সিঁড়ি মেরামত, আলোর ব্যবস্থা ও নিরাপত্তা জোরদার করারও কাজ চলছে। বাগবাজার, কুমোরটুলি, মায়ের ঘাট, আহিরিটোলা, শোভাবাজার, প্রিন্সেপ, দই, বাজে কদমতলা, ও বাবুঘাট সহ প্রত্যেকটি ঘাটেই চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। ভক্তরা যাতে কোনো রকম ছাড়াই নিরাপদে অর্ঘ্য নিবেদন করতে পারেন পুরসভা তা আগেভাগেই নিশ্চিত করতে চাইছে। শহরের ৬৮, ৮৫, ৮৮ ও ৮৯ নম্বর ওয়ার্ড মিলিয়ে মোট ছ'টি কৃত্রিম পুকুর তৈরি করা হয়েছে। যেখানে নিরাপদে পুজো সম্পন্ন করা যাবে।
যাতে কোনও জরুরি পরিস্থিতিতে তাড়াতাড়ি সহায়তা পৌঁছে দেওয়া যায় সেই কারণে কলকাতা পুলিশ, দমকল ও চিকিৎসা পরিষেবার সঙ্গেও সহযোগিতা করা হয়েছে। কালীপুজো শেষ হতেই উৎসবমুখর কলকাতা এখন ছটপুজোর আনন্দে মেতে উঠছে।












Click it and Unblock the Notifications