আর্থিক তছরুপ মামলায় স্বস্তি পেলেন না পি চিদাম্বরমের পুত্র কার্তি, যা জানাল আদালত
আর্থিক তছরুপের মামলায় ধৃত কার্তি চিদাম্বরমের সিবিআই হেফাজতের মেয়াদ আরও বাড়াল আদালত। এদিন, দিল্লির বিশেষ সিবিআই আদালত কার্তিকে আরও ৩ দিন হেফাজতে রাখার নির্দেশ দেয়।
আর্থিক তছরুপের মামলায় ধৃত কার্তি চিদাম্বরমের সিবিআই হেফাজতের মেয়াদ আরও বাড়াল আদালত। এদিন, দিল্লির বিশেষ সিবিআই আদালত কার্তিকে আরও ৩ দিন হেফাজতে রাখার নির্দেশ দেয়। কার্তির জামিনের আবেদন এরপর ৯ মার্চ শোনা হবে বলে জানা গিয়েছে। ফলে এখনই মুক্তি পাচ্ছেন না তিনি।

আইএনএক্স মিডিয়ার আর্থিক তছরুপ নিয়ে কার্তিকে আরও জেরা বাকি রয়েছে বলে এদিন জানায় সিবিআই। সেজন্য কার্তির আরও ৯ দিনের সিবিআই হেফাজত চেয়েছিল সংস্থা। এর আগে ৫ দিনের পুলিশে হেফাজতে ছিলেন ধৃত কার্তি। প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী তথা কংগ্রেস নেতা চিদাম্বরমের পুত্র কার্তিকে নিয়ে তদন্ত প্রাথমিকভাবে কিছুটা এগিয়েছে বলে এদিন জানায় সিবিআই।
উল্লেখ্য, এর আগে জেলে থাকাকালীন কার্তির স্বাস্থ্যের দিকে নজর রাখার নির্দেশ দেয় আদালত। সেখানে জানানো হয়, প্রতি ২৪ ঘণ্টায় কার্তির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। কার্তির আইনজীবীর সঙ্গে তাঁর দেখা করার সমস্ত সুযোগ দেওয়া হবে তাঁকে। এজন্য সকালে ও বিকেলে ১ ঘণ্টা করে সময় দেওয়া হবে কার্তিকে। উল্লেখ্য,গতবছরের মে মাসে প্রিভেনশন অব মানি লন্ডারিং আইন অনুযায়ী কার্তি চিদাম্বরমের বিরুদ্ধে মামলা করে ইডি। সিবিআইও কার্তির বিরুদ্ধে আলাদা মামলা চালাচ্ছে। এই মামলায় কার্তির সঙ্গে রয়েছে শিনা বোরা খুনে অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জী ও পিটার মুখার্জীর নাম।












Click it and Unblock the Notifications