Karnataka Election: দিল্লিতে ক্ষমতায় ফিরলে জিএসটি খোলনলচে বদলে দেব, হুঙ্কার রাহুল গান্ধীর
ফের একবার দিল্লিতে ক্ষমতায় ফিরলে জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের পরিকাঠামো পুরোপুরি বদলে দেবেন রাহুল গান্ধী। কর্নাটকে ভোটের প্রচারে এসে এমনটাই প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস নেতা।

রাহুল গান্ধীর অভিযোগ, জিএসটি করা হয়েছে শুধুমাত্র প্রভাবশালীদের সুবিধা করে দেওয়ার জন্য। এটা এমনই জটিল একটি বিষয় যে সকলের বোধগম্য নয়। জিএসটির ফলে ছোট ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। ফলে আমরা যদি ক্ষমতায় আসি দিল্লিতে তাহলে পুরোপুরি জিএসটি পরিকাঠামোকে বদলে দেব, বলেছেন রাহুল।
কংগ্রেস শুরু থেকেই জিএসটির বিরোধিতা করে এসেছে। তাঁদের মতে, যেভাবে জিএসটি বলবৎ করা হয়েছে সেই পদ্ধতিতে ত্রুটি রয়েছে। এমনকী তাঁরা করের স্ল্যাবেও পরিবর্তন চেয়েছেন। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদাম্বরম জিএসটি নিয়ে কেন্দ্রকে আক্রমণ করে জানিয়েছেন, এই কর পরিকাঠামোয় জন্মগত ত্রুটি রয়েছে। যা আগামী পাঁচ বছরে ভয়ঙ্কর রূপ নেবে।
জিএসটি বলবৎ করা অর্থনীতিকে বড় ধাক্কা দিয়েছে। ফলে কংগ্রেস আগামিদিনে জিএসটির কাঠামো বদলের ক্ষেত্রে উদ্যোগী হয়ে কাজ করবে। এমনটাই দাবি করেন কংগ্রেস নেতা পি চিদাম্বরম। তাঁর আরও দাবি, কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ সরকার যে জিএসটির ভাবনা নিয়ে এসেছিল, বলবৎ হওয়া জিএসটি তার থেকে আলাদা।

এদিন কর্নাটকে ভোটের প্রচারে এসে রাহুল গান্ধী দাবি করেছেন, দিল্লিতে যদি কংগ্রেস ক্ষমতায় ফেরে, তাহলে জিএসটির একটাই স্ল্যাব হবে। এই মুহূর্তে ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ এবং ২৮ শতাংশ - জিএসটির এই চারটি ধাপ রয়েছে।
কর্নাটকে ভোটের প্রচারে গিয়েও আদানি-আম্বানি ইস্যুতে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে একহাত নিয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন, সরকারের মূল উদ্দেশ্য দু-একজন শিল্পপতিকে সুবিধা পাইয়ে দেওয়া। অথচ কৃষকদের জন্য তারা কিছু করছে না। এই শিল্পপতিরা হাজার হাজার কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়েও ফের ব্যাঙ্ক থেকে ঋণ পেয়ে যাচ্ছেন। তাঁদের ঋণ মাপ করে দেওয়া হচ্ছে। অথচ কৃষকরা সেই সুবিধে পাচ্ছেন না।
কর্নাটকে আগামী ১০ মে এক দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং আগামী ১৩ মে বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা হবে।












Click it and Unblock the Notifications