Jharkhand Election: বাংলাদেশি অনুপ্রবেশকারীতে ছেয়ে গিয়েছে সাঁওতাল পরগনা! সিধু-কানুর বংশধর যোগ দিতেই সরব বিজেপি
Jharkhand Assembly Election 2024: ঝাড়খণ্ডে প্রথম দফার ভোটে আর এক সপ্তাহও বাকি নেই। তার আগে ফের অনুপ্রবেশ (Infiltration) ইস্যুতে সরগরম সাঁওতাল ভূমের রাজনীতি। বিজেপিতে যোগ দিলেন সাঁওতাল পরগনার নেতা মণ্ডল মুর্মু (Mondal Murmu)। আর এরপরই বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে ফের একবার সুর চড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির চম্পাই সোরেন (Champai Soren)।
এক্স হ্যান্ডেলে চম্পাই সোরেন লেখেন, "সিঁধু-কানুদের উত্তরসূরী মণ্ডল মুর্মু বিজেপিতে যোগ দিয়েছেন। সাঁওতাল পরগনায় ব্যাপক হারে অনুপ্রবেশ হয়েছে। আদিবাসীদের সমস্যা কাছ থেকে দেখেছেন মণ্ডল। সাঁওতাল বিদ্রোহের প্রাণকেন্দ্র ভগনাডিহি গ্রামে শয়ে শয়ে ঘরবাড়ি নির্মাণ হয়েছে।"

ঘরবাড়িগুলি বাংলাদেশি (Bangladeshi) অনুপ্রবেশকারীদের বলে দাবি করেন চম্পাই সোরেন। অনুপ্রবেশকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) সমর্থন রয়েছে বলে দাবি চম্পাইয়ের। এর আগে ঝাড়খণ্ডে জনসভায় এসে একই দাবিতে সরব হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তারপর অনুপ্রবেশ ইস্যুতে ইন্ডি জোটকে কড়া নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে জেএমএমকে কোণঠাসা করতে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি (BJP)। বাংলার সীমান্ত ঘেঁষা সাঁওতালি গ্রামে অনুপ্রবেশকারীরা আদিবাসীদের ভিটেমাটি কেড়ে নিচ্ছেন বলে অভিযোগ করছে বিজেপি। পাকুর, সাহিবগঞ্জ, তালওয়াডাঙা, কিটাঝড়ে আদিবাসী মহিলাদের বিয়ে করে অনুপ্রবেশকারীরা ঘরবাড়ি দখল করছে বলেও দাবি গেরুয়া শিবিরের।
হেমন্তর সরকারকে আদিবাসী বিরোধী বলেও কটাক্ষ করেন চম্পাই সোরেন। হেমন্ত সোরেনের জেলমুক্তির পর মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিতে হয় চম্পাইকে। গত জুলাইতে জেএমএম ছেড়ে বিজেপিতে যোগ দেন চম্পাই। তারপর থেকেই প্রাক্তন দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ আনছেন তিনি। হাইকোর্টের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিরও হেমন্তর সরকার বিরোধিতা করেছে বলে অভিযোগ করেন চম্পাই।
মণ্ডল মুর্মু বিজেপিতে যোগদানের পর থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ চম্পাইয়ের। মুর্মুকে সমর্থন করলে আদিবাসীদের হুমকি ধমকি দেওয়া হচ্ছে বলেও দাবি। এদিন কংগ্রেসকেও একহাত নেন চম্পাই মুর্মু। আদিবাসীদের উন্নয়নের স্বার্থে একাধিক প্রকল্পে কংগ্রেস অপপ্রচার করেছে বলে অভিযোগ চম্পাইয়ের। সব মিলিয়ে ভোটের আগে মণ্ডল মুর্মুর যোগদানে বাড়তি অক্সিজেন পেল বিজেপি। অন্যদিকে, অনুপ্রবেশ নিয়ে ফের ব্যাকফুটে ইন্ডি।












Click it and Unblock the Notifications