J&K Assembly Election 2024: পাঁচ রাজ্যে এখন আপের বিধায়ক! মেহরাজ মালিক জিততেই ডোডা যাবেন কেজরি
J&K Assembly Election 2024: দিল্লি ও পাঞ্জাবে সরকারে থাকলেও হরিয়ানায় মুখ থুবড়ে পড়়েছে আম আদমি পার্টি। একটি আসনেও জিততে পারেনি। তারই মধ্যে ব্যাপ্তি বাড়ল অরবিন্দ কেজরিওয়ালের দলের।
পাঁচ রাজ্যের বিধানসভায় এখন থাকবে আপ বিধায়কের উপস্থিতি। ২০১৪ সালে নির্দল হিসেবে লড়ে হেরে যাওয়া মেহরাজ মালিক আম আদমি পার্টি প্রার্থী হিসেবে জয়লাভ করলেন ডোডা থেকে।

বিজেপির গজয় সিং রানাকে ৪,৫৩৮ ভোটে হারিয়েছেন মেহরাজ। এই আসনে তৃতীয় স্থান পেয়েছে ন্যাশনাল কনফারেন্স। ৯৮,৫৯২ আসনের এই বিধানসভায় ভোট হয়েছিল ১৮ সেপ্টেম্বর। ভোট পড়েছিল ৭২.৪৯ শতাংশ। ২০০৮ সালে এই আসন থেকে জিতেছিল কংগ্রেস। ২০১৪ সালে জেতেন বিজেপির শক্তি রাজ। এবার এলো আপ।
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কথা বলেন মেহরাজের সঙ্গে। জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানাতে গিয়ে উল্লেখ করেন পাঁচ রাজ্যে আপ বিধায়কদের উপস্থিতির কথা। দিল্লি ও পাঞ্জাবে আপ ক্ষমতায়। গোয়ায় রয়েছেন ২ বিধায়ক। গুজরাতে আপের ৫ বিধায়ক আছেন। জম্মু ও কাশ্মীর বিধানসভায় এবার আপ বিধায়ক মেহরাজ।
ডোডা জেলার ভাদেরওয়াহ থেকে ২০১৪ সালে নির্দল হিসেবে লড়েছিলেন মেহরাজ। তখন তাঁর বয়স ছিল ২৬। ভোট পেয়েছিলেন ৩৬৫টি, মোট প্রদত্ত ভোটের ০.৫১ শতাংশ। এবার ডোডা কেন্দ্র থেকে তিনি নির্বাচিত হলেন ৩১.৮৩ শতাংশ ভোট পেয়ে। বিজেপি পেয়েছে ২৫.৬১ শতাংশ ভোট।
নির্বাচনী হলফনামায় দেখা যাচ্ছে, মেহরাজ মালিকের নামে ৬টি ফৌজদারি মামলা চলছে। সম্পত্তি রয়েছে ২৯,০৭০ টাকার। ২০১২ সালে জম্মু ও কাশ্মীর বিশ্ববিদ্যালয় থেকে তিনি এম.এ. পাস করেন। ২০১৩ সালে আপে যোগ দেন। তিনি বিধায়ক নির্বাচিত হওয়ার আগেই জম্মু ও কাশ্মীরে প্রথম আম আদমি পার্টির জনপ্রতিনিধি হন। ২০২১ সালে জিতেছিলেন ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিলর নির্বাচনে। কাহারা কেন্দ্র থেকে জেতেন। তবে সেবার নির্দল হিসেবেই লড়েছিলেন।
Spoke to Mehraj Malik, AAP’s star of the day… pic.twitter.com/YZqx5g88m4
— Arvind Kejriwal (@ArvindKejriwal) October 8, 2024
মেহরাজের জয়ে উচ্ছ্বসিত আম আদমি পার্টি। কেজরির সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতেই তিনি বিধানসভা নির্বাচনে জেতার সার্টিফিকেট গ্রহণ করেন। তাঁর আমন্ত্রণে সাড়া দিয়ে কেজরি জানান, আগামী ১০ তারিখ তিনি ডোডায় যাবেন। কেজরি ১৩ সেপ্টেম্বর জেল থেকে ছাড়া পান। ডোডায় ভোট ছিল ১৮ তারিখ। ফলে প্রচারে যেতে পারেননি। ডোডায় প্রচারে গিয়েছিলেন আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। কেজরি মেহরাজকে আজ দলের তারকা বলেও অভিহিত করেছেন।












Click it and Unblock the Notifications