"বড় বড় শহরে এমন ঘটেই থাকে!" শ্লীলতাহানির ঘটনায় এ কী বললেন কর্নাটকের মন্ত্রী?
বড় বড় শহরে তো কত কিছুই ঘটছে, কিন্তু তাই বলে শ্লীলতাহানির মত নৃশংস ঘটনা কি কাম্য? এই প্রশ্নই বারবার উঠে আসছে কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরের এক মন্তব্যের পর। সোমবার তিনি বলেন, রাস্তায় একজন মহিলার শ্লীলতাহানির মতো ঘটনা বেঙ্গালুরুর মতো বড় শহরে ঘটতেই থাকে। তবে তিনি একথাও বলেছেন, শ্লীলতাহানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তিনি পুলিশি টহল বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
তবে তাঁর এমন মন্তব্যের পর কার্যত বিতর্কের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। এদিন তিনি জানান, "এরকম বড় শহরে এই ধরনের ঘটনা মাঝেমধ্যেই ঘটে। যা কিছু আইনি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন তা আইন অনুযায়ী নেওয়া হবে। আমি আমাদের কমিশনারকে বিট পেট্রোলিং বাড়ানোর নির্দেশও দিয়েছি।"

সম্প্রতি, গত ৩ এপ্রিল বেঙ্গালুরুর বিটিএম লেআউট এলাকায় এই ঘটনা ঘটেছে। সেখানকার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতে দেখা গিয়েছে, একটি সরু গলি দিয়ে হেঁটে আসছিলেন দুই মহিলা। জনশূন্য রাস্তাটির দুই পাশে বহু গাড়ি পার্ক করা রয়েছে। এরমধ্যেই আচমকা এক ব্যক্তি ওই দুই মহিলার পিছু নিতে শুরু করে। এরপর পিছন থেকে এসে এক মহিলাকে জাপটে ধরে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি।
ভিডিওটিতে আরও দেখা যাচ্ছে, ঘটনার সময় আক্রান্ত মহিলার হাত ধরে ছিলেন দ্বিতীয় আর এক মহিলা। তাঁরা ২জন মিলে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আটকানোর বহু চেষ্টা করেন। এরপরই সুযোগ বুঝে তড়িঘড়ি ঘটনাস্থল ছেড়ে চম্পট অভিযুক্ত। সিসিটিভি ক্যামেরার এই ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।
ঘটনার ফুটেজ প্রকাশ্যে আসতেই বেঙ্গালুরু শহরের রাস্তায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই বেঙ্গালুরু পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করা হয়েছে। যদিও নির্যাতিতারা এখনও কোনও অভিযোগ দায়ের করেননি। মামলাটি ৩৫৪বি ধারার অধীনে নথিভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর আগস্ট মাসেও একই রকম একটি ঘটনা ক্যামেরায় ধরা পড়েছিল। সেই ঘটনার দুই দিন পর গ্রেফতার করা হয় অভিযুক্তকে। এরপর ফের এই ঘটনা। একের পর এক একই রকমের ঘটনায় উদ্বিগ্ন বেঙ্গালুরুবাসী। রাতে তো দূর সকালেও রাস্তায় বেরোতেই মহিলারা রীতিমত ভয় পাচ্ছেন। প্রশ্ন উঠছে প্রশাসনের উপর।
গত বছরের সরকারি তথ্য অনুসারে, ২০২৩ সালে বেঙ্গালুরুতে মহিলাদের বিরুদ্ধে অপরাধের উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছে। পুলিশ ৩,২৬০টি মামলা নথিভুক্ত করেছে, যার মধ্যে ১,১৩৫টিই শ্লীলতাহানির সাথে সম্পর্কিত।












Click it and Unblock the Notifications