বিদেশি নেতাদের সাক্ষাৎ কি সত্যিই আটকাচ্ছে কেন্দ্র? রাহুলের অভিযোগে প্রশ্নের ঝড়
বিদেশি রাষ্ট্রনেতাদের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে বিরোধী নেতা রাহুল গান্ধীর অভিযোগ ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে দিল্লির রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিল রাহুলের দাবি বাস্তবতার সঙ্গে খাপ খায় না, বিদেশি প্রতিনিধিদলের সঙ্গে কারা দেখা করবেন, সেই সিদ্ধান্ত মূলত অতিথি প্রতিনিধিদেরই।
বৃহস্পতিবার রাহুল গান্ধী অভিযোগ তুলেছিলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বিদেশি অতিথিদের সঙ্গে তাঁর বৈঠক সরকারের 'অনিরাপত্তা বোধে' আটকে দেওয়া হচ্ছে। তাঁর বক্তব্য, "ভারতে বিদেশি রাষ্ট্রদূত বা রাষ্ট্রনেতা এলে বিরোধী নেতার সঙ্গে দেখা করার দীর্ঘদিনের সাংসদীয় রীতি রয়েছে। কিন্তু এখন সরকার সেই প্রচলন ভেঙে দিচ্ছে।"

কিন্তু সরকারি শীর্ষ মহলের দাবি, বিদেশমন্ত্রক (এমইএ) সরকারী প্রোটোকল অনুযায়ী বিদেশি নেতাদের সরকারি সংস্থা ও সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করে। রাজনৈতিক দল বা বিরোধী নেতার সঙ্গে সাক্ষাৎ পুরোপুরি অতিথি প্রতিনিধিদলের ইচ্ছাধীন কেন্দ্রীয় সরকারের নয়।
রাহুল গান্ধীর অভিযোগ খণ্ডন করতে সরকার তথ্যও সামনে আনে। বিরোধী নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিম্নলিখিত বিদেশি রাষ্ট্রনেতারা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন যেমন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ জুন ২০২৪,
ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন ১ অগস্ট ২০২৪, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ২১ অগাস্ট ২০২৪, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন ৮ মার্চ ২০২৫, মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলাম ১৬ সেপ্টেম্বর ২০২৫ দেখা করেছেন।
সরকার আরও জানায়, রাষ্ট্রপতির দেওয়া সরকারি নৈশভোজেও বিরোধী নেতাকে আমন্ত্রণ করা হয়। তবে শেষবারের অনুষ্ঠানে রাহুল উপস্থিত ছিলেন না।
রাহুলের অভিযোগকে "অবাস্তব" ও "তথ্যহীন" বলে আক্রমণ করেন বিজেপি নেতা সম্বিত পাত্র। তাঁর কথায়,
"কেন কেন্দ্রীয় সরকার রাহুল গান্ধীকে ভয় পাবে? আজ ভারত বিশ্বের অর্থনীতির অন্যতম স্থিতিশীল স্তম্ভ।"
বিজেপি মুখপাত্র প্রদীপ বন্দ্যোপাধ্যায়ও রাহুলের মন্তব্যকে "আরও একটি মিথ্যা" বলে কটাক্ষ করেন। তিনি বলেন, এমইএ স্পষ্ট জানিয়েছে সরকার শুধু সরকারি বৈঠকেরই ব্যবস্থা করে, রাজনৈতিক সাক্ষাৎকারের নয়।
পুতিন সফর ঘিরে ব্যস্ত দিল্লি
এদিকে আজ সন্ধ্যায় ৬টা ৩৫ মিনিটে এএফএস পালামে নামার কথা পুতিনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে ব্যক্তিগত নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন, গতবছর মস্কো সফরে পুতিনের আপ্যায়নের প্রতিদানে।
শুক্রবার রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা, রাজঘাটে শ্রদ্ধাঞ্জলি ও হায়দরাবাদ হাউসে মোদী পুতিন বৈঠক গুরুত্বপূর্ণ কর্মসূচি অপেক্ষা করছে রুশ প্রেসিডেন্টের জন্য। বিকেলে ব্যবসায়িক বৈঠকের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন তিনি।
চার বছর পর ও ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথমবার ভারত সফরে আসছেন পুতিন সুতরাং কূটনৈতিকভাবে সফরটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications