কাকদ্বীপ জোড়া হত্যা মামলার তদন্ত ভার থেকে এবার সরে দাঁড়ালেন আইপিএস অফিসার দময়ন্তী সেন
কাকদ্বীপে জোড়া খুনের চাঞ্চল্যকর মামলার তদন্তভার থেকে অব্যাহতি পেলেন আইপিএস অফিসার দময়ন্তী সেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর সেই আবেদন গৃহীত হয়েছে বলেই জানা যাচ্ছে।
এই মামলার তদন্তে চারজনের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছিল। দময়ন্তী সেন ছিলেন এই টিমের প্রধান। তবে এখন তিনি আর তদন্তের দায়িত্বে থাকছেন না। SIT-এর নেতৃত্বে কে আসবেন, তা আদালত পরবর্তী শুনানিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

- কি হয়েছিল কাকদ্বীপে?
২০১৮ সালের ১৪ মে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় সিপিএম কর্মী দেবপ্রসাদ দাস ও তাঁর স্ত্রী ঊষারানি দাসের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। অভিযোগ ছিল, ঘরে আগুন লাগিয়ে তাঁদের পুড়িয়ে খুন করা হয়েছে।
এই ঘটনার তদন্তের জন্য ২০২৩ সালের জানুয়ারিতে বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ SIT গঠনের নির্দেশ দেয়। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল দময়ন্তী সেনকে। তবে দীর্ঘ তদন্তের পর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আদালতের কাছে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেন।
- আদালতকে কি জানিয়েছেন দময়ন্তী সেন?
যা জানা যাচ্ছে, আদালতকে আইপিএস অফিসার জানান, বিভিন্ন রোগে তিনি আক্রান্ত ফলে গাড়ি চড়ায় নিষেধাজ্ঞা রয়েছে। মানসিক চাপ নেওয়াও এখন ঠিক নয় তাঁর পক্ষে। চিকিৎসক তেমনটাই জানিয়েছেন তাঁকে। ফলে এই মামলায় আর তিনি থাকতে চান না। সেই কারণে অব্যাহতি চেয়ে আবেদন জানান।
প্রসঙ্গত, ২০১৮ সালের এই জোড়া খুনের মামলায় নাম জড়ায় বেশ কয়েকজন তৃণমূল নেতার। পুলিশি তদন্তে একাধিক ত্রুটিও সামনে উঠে আসে। তারপর সিট গঠন করে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মান্থার এজলাস। মৃত ওই বাম নেতার ছেলে নতুন করে আরও একটি মামলা দায়েরও করেছেন।
কার্যত এবার এই সব কিছুর থেকেই অব্যাহতি নিলেন দময়ন্তী সেন। আদালতের পরবর্তী শুনানিতেই ঠিক হবে, SIT-এর নতুন প্রধান কে হবেন এবং তদন্তের গতিপথ কোন দিকে এগোবে।












Click it and Unblock the Notifications