Manmohan Singh Food Habits: নিরামিষাশী মনমোহন ইলিশের লোভে ভেঙেছিলেন নিয়ম! কী ছিল তাঁর প্রিয় খাবার?
Manmohan Singh Diet: প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। অর্থনীতির উন্নয়নের কারিগর মনমোহনের ব্যক্তিগত জীবনযাপনও (Manmohan Singh Lifestyle) ছিল সাদামাটা। মনমোহনের খাদ্যাভ্যাসেও তা প্রতিফলিত হয়েছে। বরাবরই নিরামিষাশী (Vegetarian) ছিলেন মনমোহন।
তবে খাদ্যাভ্যাসের বেড়াজালে আটকে থাকার মানসিকতা একেবারেই পোষণ করতেন না। আর তাই, ইলিশ মাছের (Hilsa Fish) লোভে নিজের নিরামিষ ডায়েট থেকে বেরিয়ে আসার জন্যও প্রস্তুত ছিলেন মনমোহন সিং। নিজের খাদ্যাভ্যাস নিয়ে একাধিকবার নানা সাক্ষাৎকারে তিনি অনেক কথাই বলেছেন।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, "নিরামিষভোজী ও আমিষভোজীদের মধ্যে আমি কোনো ভেদাভেদ বা ফতোয়া জারির পক্ষে নই। তবে আমার মতে, আমাদের সকলের উচিত বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া। এমনকি মেডিক্যাল সায়েন্সেও বলা হচ্ছে মাংসযুক্ত খাবারের থেকে নিরামিষ খাবার শ্রেষ্ঠ।"
নিরামিষের মধ্যেও একেবারে সাদামাটা খাবারই পছন্দের তালিকায় থাকত মনমোহনের। কখনও দইভাতের সঙ্গে পাপড়, বেদানা ও আচার নিয়ে খেতেন। আবার কখনও 'কারি চাওয়াল' (দই দিয়ে বড়ার ঝোলের তরকারি) ছিল পছন্দের তালিকায়। উত্তর ভারতের বাসিন্দারা যেসমস্ত খাবার নিত্যদিন খেয়ে থাকেন, তেমনই খাবার পছন্দ করতেন মনমোহন। ওই ধরনের খাবারই তাঁর স্বাস্থ্যের পক্ষে ভালো বলে সাক্ষাৎকারে বলেছিলেন মনমোহন।
তবে এমন সাদামাটা নিরামিষাশীকে নিয়মের গেরো থেকে বের হতে হয়েছিল বাংলাদেশ সফরের সময়। পদ্মার ইলিশের লোভ কি আর সামলানো যায়? বাঙালির রান্নাঘরে ইলিশের নানা পদই বিশ্বজুড়ে বিখ্যাত। ইলিশ ভাজা, ভাপা থেকে শুরু করে বেগুন দিয়ে ঝোল। প্রাক্তন প্রধানমন্ত্রীর মন গলে গিয়েছিল সেই ইলিশেই। ২০১১ সালে এক সংবাদসংস্থাকে সাক্ষাৎকারে মজার ছলে জানিয়েছিলেন, "নিরামিষ খাওয়ার নিয়ম ছেড়ে দেব ভাবছি কারণ সুস্বাদু ইলিশের কথা শুনেছি। তাই একটু নিয়মভঙ্গ করতে চাই।"
প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে উঠে আসছে এমনই নানা মুহূর্তের কথা। পরিবার থেকে অনুরাগী, সহকর্মীরা মনে করাচ্ছেন মনমোহনের সাদামাটা সহজ সরল জীবনযাপনের কথা। বৃহস্পতির রাত থেকেই শোকবার্তা জ্ঞাপন করেছেন বহু বিশিষ্টরা। শুক্রবার সকাল থেকেও প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষশ্রদ্ধা জানানোর পর্ব চলছে। বাড়ি গিয়ে শেষশ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শেষশ্রদ্ধা জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীও।
ছোটবেলাতেই মাকে হারিয়েছিলেন মনমোহন সিং। ঠাকুমার কাছেই বেড়ে ওঠা। গ্রামে বিদ্যুৎ তখনও এসে পৌঁছয়নি। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তখন কেরোসিন বাতির আলোতেই পড়াশোনা চালিয়ে গিয়েছেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন মনমোহন। ভারত সরকারে একাধিক দায়িত্ব সামলেছেন। মৃত্যুকালে রেখে গেলেন স্ত্রী গুরশরণ কৌর ও তিন কন্যাকে।












Click it and Unblock the Notifications