সময় সত্যিই খারাপ যাচ্ছে ইন্ডিগোর! এবার বিমানে পায়রার উপদ্রব, ভাইরাল ভিডিও
ইন্ডিগো বোধহয় সত্যিই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ইন্ডিগো সংস্থা উড়ানে বিঘ্ন, উড়ান বাতিল ও দেরির কারণে কড়া নজরদারিতে রয়েছে। এমন সময়, উড়ানের ঠিক আগে বেঙ্গালুরু থেকে ভদোদরাগামী ইন্ডিগো বিমানে একটি পায়রা উড়ে বেড়ানোর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনা বিমানের কেবিনে সাময়িক বিশৃঙ্খলা তৈরি করে।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, পায়রাটি কেবিনের ভিতর যাত্রীদের মাথার ওপর দিয়ে উড়ছে ও বেরনোর পথ খুঁজছে। বিমানকর্মী ও কয়েকজন যাত্রী পায়রাটিকে ধরার চেষ্টা করেও সফল হননি। একজন যাত্রী এই ভিডিওটি রেকর্ড করে "বিমানে এক অপ্রত্যাশিত অতিথি..." শিরোনামে ইনস্টাগ্রামে শেয়ার করেন। সেটি ভাইরাল হয়ে গিয়েছে।

সামাজিক মাধ্যমে ব্যবহারকারীরা এই ঘটনা নিয়ে কৌতুক করেছেন। একজন লিখেছেন, "এর তো নিজস্ব বোর্ডিং পাস আছে, অবশ্যই!" অন্যরা এক একজন এক এক রকমের মন্তব্য করেছেন।
অনেকেই ইন্ডিগোর বর্তমান পরিস্থিতি নিয়ে কটাক্ষও করেছেন। "ইন্ডিগো খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে," একজন মন্তব্য করেন। একজন লেখেন, "ইন্ডিগোর চেয়ে এই পায়রাটি নিজের গন্তব্যে দ্রুত পৌঁছবে।"
ইন্ডিগো বর্তমানে ব্যাপক কার্যক্রম বিঘ্ন ঘটায় তীব্র সমালোচনার মুখে পড়েছে। গত এক সপ্তাহে, বিমান সংস্থাটি ৪৫০০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে, যার ফলে দেশজুড়ে হাজার হাজার যাত্রী মারাত্মক দুর্ভোগের শিকার।
সরকারের হস্তক্ষেপ ও যাত্রীদের পয়সা ফেরতের ব্যবস্থা ঘোষণার পরও বিলম্ব, বিভ্রান্তি ও বিমানবন্দরে ভিড় অব্যাহত। ইন্ডিগো পরিষেবা স্বাভাবিক হচ্ছে বললেও, এদিনও ৪০০টিরও বেশি নতুন বিমান বাতিলের খবর পাওয়া গিয়েছে।












Click it and Unblock the Notifications