GDP Growth: করোনাকালের পর ফের তলানিতে ভারতের জিডিপি! পূর্বাভাসে 'অশনি সংকেত'
GDP Growth: অতিমারীর পর ফের একবার তলানিতে যেতে চলেছে জিডিপি বৃদ্ধির হার। মঙ্গলবার সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার এসে ঠেকতে চলেছে ৬.৪ শতাংশে। ২০২৩-২৪ অর্থবর্ষে যা ছিল ৮.২ শতাংশ। শেষবার ২০২০-২১ অর্থবর্ষে করোনা অতিমারীর সময়ে ৫.৮ শতাংশে নেমেছিল জিডিপি গ্রোথ রেট। তারপরে চলতি অর্থবর্ষেই ফের সর্বনিম্ন জিডিপি বৃদ্ধির হার।
চলতি অর্থবর্ষে ৬.৬ শতাংশ জিডিপি বৃদ্ধির হারের পূর্বাভাস দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কিন্তু সরকারের পরিসংখ্যানে তার থেকেও কম বৃদ্ধির হারের ইঙ্গিত দেওয়া হয়েছে। জাতীয় পরিসংখ্যান অফিসের দেওয়া তথ্যে ২০২৫ সালের মার্চের শেষে ভারতের জিডিপি বৃদ্ধির হার চলতি অর্থবর্ষে ৬.৪ শতাংশে এসে ঠেকবে বলে উল্লেখ করা হয়েছে। প্রকৃত গ্রস ভ্যালু অ্যাডেডও গত অর্থবর্ষের ৭.২ শতাংশের তুলনায় চলতি অর্থবর্ষে ৬.৪ শতাংশে এসে ঠেকবে বলে পূর্বাভাস।

জিডিপি বৃদ্ধির আগাম পূর্বাভাস কেন্দ্রীয় বাজেট রূপায়ণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জিডিপি বৃদ্ধির হারের পূর্বাভাস অনুযায়ী দেশের অর্থনীতির মন্থর গতি বোঝা যায়। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক জুলাই-সেপ্টেম্বরে বৃদ্ধির হার মাত্র ৫.৪ শতাংশে দাঁড়িয়েছিল। যা কার্যত চমকে দিয়েছিল অর্থনৈতিক বিশেষজ্ঞ থেকে নীতি নির্ধারকদের।
দ্বিতীয় ত্রৈমাসিকের হিসেব দেখে গোটা অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হারের পূর্বাভাস ৭.২ শতাংশ থেকে ৬.৬ শতাংশে কমিয়ে আনতে বাধ্য হয়েছিল আরবিআই। আর এবার গোটা অর্থবর্ষের জিডিপি বৃদ্ধির হারের পূর্বাভাসও অবাক করে দেওয়ার মতো। রিজার্ভ ব্যাঙ্কের পূর্বাভাসের থেকেও কম হতে পারে জিডিপি বৃদ্ধির হার। কাজেই, আগামীতে রাজস্বের রোডম্যাপ তৈরির আগে কেন্দ্রীয় সরকারকে যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তা বলাই বাহুল্য।












Click it and Unblock the Notifications