ভারতীয় কিশোর অপহরণের ঘটনা অস্বীকার, ঘটনা সম্পর্কে কিছুই জানা নেই, দাবি চিনের
ভারতীয় কিশোর অপহরণের ঘটনা অস্বীকার চিনের
চিনা সেনাদের বিরুদ্ধে ভারতীয় কিশোর অপহরণের অভিযোগ উঠল। অরুণাচল প্রদেশ থেকে এক ভারতীয় কিশোরকে অপরহণ করার অভিযোগ তুলেছে স্থানীয় সাংসদ তাপির গাও। যদিও বৃহস্পতিবার চিনের বিদেশ মন্ত্রক জানিয়েছে যে পিপল লিবারেশন আর্মি অরুণাচলের উঁচু জেলা সিয়াং থেকে ১৭ বছরের কিশোরকে অপহরণ করেছে এমন কোনও ঘটনার কথা তাদের জানা নেই। তবে মন্ত্রকের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে পিএলএ অরুণাচল সীমান্ত নিয়ন্ত্রণ করে এবং 'অবৈধ প্রবেশ ও প্রস্থান’ হলে তা দেখার দায়িত্ব তাদের।

কিশোর অপহৃত অরুণাচল থেকে
প্রসঙ্গত বুধবার অরুণাচল প্রদেশের সংসদ সদস্য তাপির গাও জানিয়েছেন যে ১৭ বছরের এক কিশোর, যার নাম মিরম তারোন, তাকে অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলার লুংটা জোর এলাকা থেকে পাবলিক লিবারেশন আর্মি অপহরণ করেছে। গাও এও জানিয়েছেন যে আপার সিয়াং জেলা, যা ভারতীয় সীমানার অন্তর্গত সেখান থেকে অপহরণ করা হয়েছে। সাংসদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তারোনের বন্ধু ইয়েইইং সে চিনা সেনার হাত থেকে পালাতে সক্ষম হয় এবং সে এসে স্থানীয় কর্তৃপক্ষকে তারোনকে অপহরণ করার কথা জানায়। তাতেই সামনে আসে ঘটনাটি।

চিন এই ঘটনা সম্পর্কে কিছুই জানে না
পিএলএ তারোনকে অপহরণ করেছে এই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন, 'আমি এই পরিস্থিতির বিষয়ে কিছু জানি না।' মুখপাত্র এও বলেন, 'চিনের পিপলস লিবারেশন আর্মি আইন অনুযায়ী সীমানা নিয়ন্ত্রণ করে এবং অবৈধ প্রবেশ ও প্রস্থান কার্যক্রম দমন করে।' বৃহস্পতিবার দিল্লি সূত্রে জানা গিয়েছে যে অপহৃত কিশোরকে ফিরিয়ে আনতে ইতিমধ্যেই ভারতীয় সেনা কথাবার্তা শুরু করেছে চিনা সেনার সঙ্গে। অথচ চিনের বিদেশ মন্ত্রকের কাছে নাকি এ বিষয়ে কোনও খবর নেই।

ভারতীয় সেনা পিএলএকে জানিয়েছে
দিল্লির পক্ষ থেকে জানানো হয় যে ভারতীয় সেনাবাহিনী যখন তারোন সম্পর্কে তথ্য পেয়েছিল, তখন তা অবিলম্বে হটলাইনের একটি প্রতিষ্ঠিত ব্যবস্থার মাধ্যমে পিএলএ-এর সঙ্গে যোগাযোগ করে জানায় যে এক কিশোর, যে ভেষজ সংগ্রহ এবং শিকার করতে বেরিয়েছিল, সে পথ হারিয়েছে এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুরু হয়েছে কূটনৈতিক প্রক্রিয়া। প্রসঙ্গত যে এলাকা থেকে কিশোর অপহরণ হয় সেই সাংপো নদীই অরুণাচল প্রদেশে সিয়াং ও অসমে ব্রহ্মপুত্র নামে পরিচিত। প্রসঙ্গত, ২০১৮ সালে এই লুংটা জোর এলাকাতেই চিন ভারতীয় ভূভাগের মধ্যে ৩-৪ কিলোমিটার রাস্তা বানিয়েছিল।

অপহূত কিশোরের মুক্তি চেয়ে টুইট
টুইট করে অপহৃত কিশোরের দ্রুত মুক্তি নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন সাংসদ তাপির গাও। একইসঙ্গে অপহৃত কিশোর মিয়াম তারোনের ছবিও টুইট করেছেন তিনি। তাপির গাও আরও জানিয়েছেন যে, ঘটনাটির বিষয়ে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নীতীশ প্রামাণিককেও জানিয়েছেন।












Click it and Unblock the Notifications