স্মরণে গালওয়ান সংঘর্ষ, বীর শহিদের সম্মানে স্মৃতিসৌধ নির্মাণ ভারতীয় সেনার
গালওয়ান উপত্যকায় চিনা সেনার বিরুদ্ধে প্রাণ দেওয়া ২০ জন ভারতীয় জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপনে নির্মিত হল স্মৃতিসৌধ। লাদাখের দুর্বুক-সাইয়ক-দৌলত বেগ ওডিলেতে স্ট্র্যাটেজিক রোডের উপর কেএম-১২০ পোস্টের কাছে ইউনিট লেভেলে স্মৃতিসৌধটি নির্মিত হয়েছে।

১৫ জুন শহিদ হওয়া ২০ জন জওয়ানের নাম ও অভিযানের বিশদ বিবরণ দেওয়া রয়েছে স্মৃতিসৌধে। অভিযানের বিস্তারিত হিসেবে স্মৃতিসৌধের দেওয়ালে লেখা রয়েছে, ১৫ জুন ২০২০-তে গালওয়ান ভ্যালিতে কমান্ডিং অফিসার কর্নেল বি সন্তোষবাবু, ১৬ বিহারের দ্রুত প্রতিক্রিয়া বাহিনী এবং আরও বেশ কয়েকজন জওয়ানদেরকে ওয়াই নালা থেকে পিএলএ-কে উচ্ছেদ করার জন্য ১৪ প্যাট্রলিং পয়েন্টে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তাঁরা সকলে ওয়াই নালা থেকে পিএলএ-কে উচ্ছেদ করতে সক্ষম হন এবং পিপি ১৪-এ পৌঁছান। এরপরেই সেখানে শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। ভারতীয় সেনা ও পিএলএ-র জওয়ানদের মধ্যে হাতাহাতি বেধে যায়। পরে তা ভয়াবহ আকার ধারণ করে। সামনে থেকে সেনাদের লড়াইয়ের নেতৃত্ব দেন কর্নেল বি সন্তোষবাবু। শহিদ হন ২০ জন জওয়ান। এই বীর ২০ জন জওয়ানকে 'গ্যালান্টস অফ গালওয়ান' সম্মানে ভূষিত করা হল।
গালওয়ান উপত্যকা, ফিঙ্গার অঞ্চল, হট স্প্রিংস এবং কংগ্রুং নালাসহ একাধিক অঞ্চলে চিনা সেনার অনুপ্রবেশ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি । সংঘর্ষ বাধে দুই দেশের জওয়ানদের মধ্যে। ভারতের ২০ জন সেনা শহিদ হওয়ার পর পরিস্থিতি আরও খারাপ হয়।












Click it and Unblock the Notifications