আগাম ভ্যাকসিন কেনার দৌড়ে গোটা বিশ্বে শীর্ষস্থানে ভারত! পিছনেই আমেরিকা, ইউরোপ
আগাম ভ্যাকসিন কেনার দৌড়ে গোটা বিশ্বে শীর্ষস্থানে ভারত! পিছনেই আমেরিকা, ইউরোপ
প্রথম সংক্রমণের পর বর্ষপূরণ হলেও এখনও দেখা নেই কোনও কার্যকরী করোনা ভ্যাকসিনের। যদিও আমেরিকা, ইংল্যান্ডের মতো একাধিক দেশই এখন ভ্যাকিসন আবিষ্কারের দোরগড়ায় পৌঁছে গেছে। এদিকে বর্তমান পরিসংখ্যান বলছে আগাম ভ্যাকসিন কেনার দৌড়ে বিশ্বের প্রায় সমস্ত দেশকেই পিছনে ফেলেছে ভারত।

আগামী বছরের শুরুতেই ভারতীয় বাজারে করোনা টিকা ?
এদিকে আবিষ্কারের পরেই প্রথম ভ্যাকসিন কাদের দেওয়া হবে সেই বিষয়েও ইতিমধ্যেই পরিকল্পনা সেরে ফেলেছে ভারত। প্রাথমিক পর্যায়ে প্রথমসারির করোনা যোদ্ধা যেমন ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মীদের ভ্যাকসিন দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। এদিকে ওয়াকিবহাল মহলের ধারণা, অক্সফোর্ড, ভারত বায়োটেক সহ একাধিক দেশী-বিদেশি ভ্যাকসিনের ট্রায়াল যেভাবে অন্তিম পর্যায়ের দিকে এগোচ্ছে তাতে আগামী বছরের শুরুতেই ভারতীয় বাজারে করোনা ভ্যাকসিনের দেখা পাওয়া সম্ভব।

চলছে শেষ মূহূর্তের চুক্তি
এদিকে এরইমধ্যে টিকা কেনার জন্য টিকা প্রস্তুতকারী সংস্থাগুলির সঙ্গে চুক্তি সেরে ফেলছে বিশ্বের বিভিন্ন দেশ। বর্তমানে নিশ্চিতভাবে করোনা টিকা কেনার তালিকায় বিশ্বে প্রথম স্থানে আছে ভারত। সূত্রের খবর, প্রাথমিক পর্যায়ে ভারত প্রায় ১৫০ কোটি করোনা ভ্যাকসিনের ডোজ কিনতে চলেছে। যা গোটা বিশ্বের মধ্যে এই মহূর্তে সর্বাধিক। ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে এই সংখ্যা ১২০ কোটির কাছাকাছি। সেখানে আমেরিকা চাইছে ১০০ কোটি ডোজ।

সামনে আসছে ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষণা
শুধু ভারত,ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকা নয়, করোনা টিকা কেনার জন্য ইতিমধ্যেই একাধিক সংস্থার সঙ্গে চুক্তি সেরে ফেলেছে বিভিন্ন দেশ। ইতিমধ্যেই এই বিষয়ে মার্কিন ডিউক বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাও সামনে এসেছে। ১০ দেশের সেই তথ্যের গ্রাফই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রাক্তন স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন।

আরও বেশি মাত্রায় ডোজ কেনার ব্যাপারে আলোচনা চালাচ্ছে আমেরিকা
এদিকে খুব দ্রুত আরও ১৫০ কোটি ডো়জ কিনতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে প্রাথম পর্যায়ে আমেরিকা ২৫০ কোটির কাছাকাছি করোনা টিকার ডোজ কিনতে পারে বলে ধারণা ওয়াকিবহাল মহলের। অন্যদিকে বর্তমানে ১২০ কোটি ডোজ অর্ডার করলেো ইউরোপীয় ইউনিয়নও মোট ২০০ কোটি ডোজ কেনার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে বলে জানা যাচ্ছে।

একনজরে গোটা বিশ্বের করোনা মানচিত্র
এদিকে অন্যান্য অনেক দেশই ভ্যাকসিন কেনার ক্ষেত্রে এখনও আলাপ-আলোচনা চালালেও ভারতের ১৫০ কোটি ডোজ চূড়ান্ত হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই মূহূর্তে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৯০ লক্ষের গণ্ডি ছুঁইছুঁই। মারা গিয়েছেন ১ লক্ষ ৩১ হাজারের কাছাকাছি মানুষ। অন্যদিকে গোটা বিশ্বে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৬৫ লক্ষের বেশি মানুষ। মারা গিয়েছেন সাড়ে ১৩ লক্ষের বেশি মানুষ।












Click it and Unblock the Notifications