ভেনেজুয়েলাতে হামলা ও মাদুরোকে বন্দি করা নিয়ে মুখ খুলল ভারত! এই ঘটনা নিয়ে কী জানাচ্ছে বিদেশ মন্ত্রক?
ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনার পর প্রথমবারের জন্য মুখ খুলল ভারত। আজ বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারত গভীর ভাবে উদ্বিগ্ন। গোটা পরিস্থিতির উপরে নিয়মিত নজর রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে।

বিদেশ মন্ত্রকের বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে, "ভেনেজুয়েলার সাধারণ মানুষের নিরাপত্তা এবং স্বার্থে ভারতের সমর্থন আগে যেরকম ছিল ঠিক তেমনিই থাকবে। সেই সঙ্গে সমস্ত পক্ষকে আমরা আলোচনার মাধ্যমে এবং শান্তিপূর্ণ উপায়ে সমস্যা মেটানোর জন্য আহ্বানও জানাচ্ছি। পাশাপাশি গোটা অঞ্চলজুড়ে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার অনুরোধও করছি।"
এর আগে গতকাল ভেনেজুয়েলায় থাকা ভারতীয়দের জন্য সতর্কতা জারি করেছিল নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন যে, খুব প্রয়োজন না হলে ভারতীয়দের ওই দেশে যাতায়াত এড়িয়ে চলার জন্য বলা হয়েছে। সেখানে থাকা নাগরিকদের চলাফেরাও সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সেইসঙ্গে খুব প্রয়োজনে কারাকাসে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।
এদিকে, গতকাল ভোররাতে বিশেষ বাহিনীর হঠাৎ হানায় দেশ থেকেই নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে। সেই সঙ্গে কারাকাস এবং আশপাশের একাধিক এলাকায় বিমান হামলার খবরও পাওয়া গেছে। এই অভিযানের পরই ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে, ভেনেজুয়েলা ধীরে ধীরে আমেরিকার নিয়ন্ত্রণে আসছে। হেলিকপ্টারে করে তাঁদের প্রথমে মার্কিন জাহাজে, পরে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ব্রুকলিনের একটি ডিটেনশন ক্যাম্পে বন্দি রয়েছেন তাঁরা।
এই ঘটনায় ইতিমধ্যেই আমেরিকার কড়া সমালোচনা করেছে চিন, রাশিয়া, ইরান এবং কিউবার মতো দেশ।












Click it and Unblock the Notifications