India Justice Report 2022: পুলিশ র্যাঙ্কিং-এ সারা দেশে বাংলা রয়েছে সবার নিচে
ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট ২০২২ প্রকাশিত হয়েছে। এই রিপোর্টে দেশের বড় ও মাঝারি রাজ্যগুলির মধ্যে পুলিশ র্যাঙ্কিং-এ শীর্ষে রয়েছে তেলেঙ্গানা, বাংলা রয়েছে সবার নিচে। উল্লেখ্য ২০২০ সালে তেলেঙ্গানা ছিল ১০ম স্থানে। মঙ্গলবার দিল্লিতে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

শীর্ষে তেলেঙ্গানা, শেষে বাংলা
ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট ২০২২-এর তালিকায় বড় ও মাঝারি রাজ্যগুলির মধ্যে অবিজেপি শাসিত তেলেঙ্গানার পরেই রয়েছে বিজেপি শাসিত কর্নাটক। এরপরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ। বিজেডি শাসিত ওড়িশা রয়েছে চতুর্থস্থানে, উত্তরাখণ্ড রয়েছে পঞ্চমস্থানে। তারপরেই রয়েছে ডিএমকে শাসিত তামিলনাড়ু। তৃণমল শাসিত পশ্চিমবঙ্গ রয়েছে সব থেকে শেষে ১৮ তম স্থানে।
ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট ২০২২-এর তালিকায় ছোট রাজ্যের ক্যাটেগরিতে সিকিম রয়েছে একেবারে ওপরে। তারপরেই রয়েছে অরুণাচল প্রদেশ। তারপরেই রয়েছে মেঘালয়। প্রসঙ্গত সিকিম ২০১৯ ও ২০২০ সালের র্যাঙ্ক ধরে রাখতে পেরেছে। এই বিভাগে উত্তর পূর্বের বিজেপি শাসিত ত্রিপুরায় রয়েছে সব থেকে নিচে।

মহিলা মাত্রা ১১.৭৫ শতাংশ
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বর্তমানে পুলিশে মাত্র ১১.৭৫ শতাংশ মহিলা রয়েছে। অফিসারদের ক্ষেত্রে সংখ্যাটা ৮ শতাংশের কম। যা নিয়ে রিপোর্টে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। যদিও পুলিশে মহিলাদের সংখ্যাটা গত এক দশকে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

সারা দেশে কনস্টেবলের শূন্যপদ ২২ শতাংশ
অন্যদিকে সারা দেশের নিরিখে পুলিশ কনস্টেবলের পদ শূন্য রয়েছে ২২ শতাংশ। সারা দেশে পুলিশ আধিকারিকের পদ খালি ২৯ শতাংশ। তেলেঙ্গানায় সাম্প্রতিক সময়ে পুলিশ কনস্টেবলে শূন্যপদের সংখ্যা ৪০ শতাংশ থেকে কমিয়ে ২৬ শতাংশ করা হয়েছে। মধ্যপ্রদেশে তা ৪৯ থেকে ২১ শতাংশে কমানো হয়েছে।
পশ্চিমবঙ্গে কনস্টেবলের শূন্য পদ ৪৪ শতাংশ। যা বড় ও মাঝারি রাজ্যগুলির মধ্যে সব থেকে বেশি বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

থানায় সিসিটিভি এবং মহিলা হেল্প ডেস্ক
ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট ২০২২-এ সারা দেশে থানায় সিসিটিভি নজরদারি নিয়েও তথ্য প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, দেশের চারটি থানার মধ্যে একটি থানায় একটিও সিসিটিভি নেই। উল্লেখ করা প্রয়োজন সুপ্রিম কোর্টে সব রাজ্যকে অডিও রেকর্ডিং যুক্ত সিসিটিভি বসাতে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশে ১০ টির মধ্যে তিনটি থানায় মহিলা হেল্প ডেস্ক নেই। মোট বাজেটের মাত্র ১.৩ শতাংশ ব্যয় করা হয় পুলিশের প্রশিক্ষণে। তবে পাঁচটি রাজ্যে তা ২ শতাংশের বেশি। দেশে জনসংখ্যা অনুপাতে পুলিশ প্রতি লাখে ১৫২.৮। এর আন্তর্জাতিক মান হল ২২২।












Click it and Unblock the Notifications