Bangladesh Deputy HC Breach: আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনে ধুন্ধুমার, নিন্দা ভারতের; বাড়ানো হল নিরাপত্তা
Bangladesh Deputy HC Breach: ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনে (Deputy High Commission) হামলার তীব্র নিন্দা জানাল বিদেশমন্ত্রক (Ministry Of External Affairs)। বাংলাদেশে চিন্ময় প্রভুসহ হিন্দু সন্ন্যাসীদের গ্রেফতারি ও হিন্দুদের নির্যাতনের প্রতিবাদ আছড়ে পড়ে আগরতলায় (Agartala) অবস্থিত বাংলাদেশের উপ হাইকমিশনে। ভেতরে ঢুকে হামলা চালানো হয়।
বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে সেদেশের জাতীয় পতাকার অবমাননা করা হয় বলে অভিযোগ। হিন্দুদের উপর নির্যাতনের (Violence on Hindus) প্রতিবাদে একটি মিছিল করা হয়। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, কম করে জনা পঞ্চাশ বিক্ষোভকারী আচমকাই উপ হাইকমিশনে ঢুকে পড়ে। এরপরই কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। ঘটনার কড়া নিন্দা জানিয়ে বিবৃতি জারি করেছে বিদেশমন্ত্রক। সেখানে বলা হয়, "বাংলাদেশ ডেপুটি হাইকমিশন চত্বরে বিশৃঙ্খলার ঘটনা খুবই দুঃখজনক। যেকোনও পরিস্থিতিই আসুক না কেন, বৈদেশিক ও আন্তর্জাতিক কোনও সম্পত্তির উপর হামলা চালানো কাম্য নয়।"
আগরতলায় ডেপুটি হাইকমিশনের হামলার ঘটনা মাথায় রেখে ইতিমধ্যেই দিল্লিতে বাংলাদেশি হাইকমিশন ও অন্যান্য শহরে ডেপুটি হাইকমিশনগুলির নিরাপত্তা বৃদ্ধি করা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় আগরতলা থেকে কলকাতাগামী বাসে ইচ্ছাকৃত দুর্ঘটনার জেরেই এদিন আগরতলার উপ হাইকমিশনে জনরোষ আছড়ে পড়ে বলে জানা গিয়েছে।
হিন্দুদের উপর অকথ্য অত্যাচারের ঘটনায় গত ২৯ নভেম্বর বাংলাদেশকে কড়া ভাষায় নির্দেশ দেয় ভারতের বিদেশমন্ত্রক। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ভয়াবহ ছবি শুধু সংবাদমাধ্যমের অতিরঞ্জন বলে উড়িয়ে দেওয়া চলবে না বলে জানায় বিদেশমন্ত্রক। ইউনূসের সরকারকে সেদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেয় বিদেশমন্ত্রক।
বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) বলেন, "বাংলাদেশে মৌলবাদীদের মাথাচাড়া নিয়ে উদ্বিগ্ন ভারত। হিন্দু-সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর লাগাতার অত্যাচার চালানো হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ভারত। বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছে ভারত।"












Click it and Unblock the Notifications