INDIA Alliance Meeting: বিজেপির পক্ষে জেতা অসম্ভব, কোন অঙ্কে ইন্ডিয়ার জয় জানিয়ে দিলেন রাহুল
বিজেপির পক্ষে ইন্ডিয়ার বিরুদ্ধে জেতা অসম্ভব। ফের একবার ইন্ডিয়ার জয়ের দাবিতে সরব হলেন রাহুল গান্ধী। শুক্রবার মুম্বইয়ে ইন্ডিয়া মহাজোটের বৈঠক শেষে অঙ্ক কষে রাহুল গান্ধী বলে দিলেন, আমরা একজোট থাকলে কেউ হারাতে পারবে না। কারণ 'ইন্ডিয়া'র সঙ্গে ৬০ শতাংশ জনতার প্রতিনিধিত্ব রয়েছে।
রাহুল গান্ধী বলেন, ইন্ডিয়ার শুধু একটাই কাজ একত্রিত করা। আমরা একত্রিত হলে ইন্ডিয়ার বিরোধী হিসেবে বিজেপির জেতার কোনও সম্ভাবনা নেই। আর আমরা সবাইকে একত্রিত করার জন্য এবং একত্রিত করে রাখার জন্য দুটি কাজ করেছি। এক, আমরা সমন্বয় কমিটি তৈরি করেছি। আর আসন সমঝোতা নিয়ে আলোচনা ত্বরাণ্বিত করেছি।

রাহুল বলেন, আমাদের বিশ্বাস এই দুটি শক্তিশালী পদক্ষেপই বিজেপিকে পরাজিত করতে নিশ্চিতভাবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যতদূর সম্ভব একের বিরুদ্ধে এক প্রার্থী দিয়ে লড়াই করার। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে গর্জে ওঠেন রাহুল। তিনি বলেন, এই সরকারের কাজই হল দরিদ্র মানুষের কাছ থেকে টাকা তোলা।
রাহুল বলেন, আমদের পথ পরিষ্কার, আমাদের পথ উন্নয়নের পথ। দরিদ্র মানুষ আমাদের এই উন্নয়নের পথে আসবে। ধনী-দরিদ্র গরিব-দুখী সবাই আমাদের পথে সঙ্গী হবে। দেশের অগ্রগতিতে জনগণ, কৃষক, শ্রমিক সবাই আসবেন। আক্ষরিক অর্থেই ভারত জোটবদ্ধ হবে।
রাহুল গান্ধী বলেন, আমাদের জোটে অনেক নেতা আছেন। অনেক প্রবীণ রাজনীতিবিদ রয়েছে। এই জোটের আসল কাজ হল একে অপরের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা। আর এই বৈঠকগুলি সম্পর্ক তৈরিতে বিশাল কাজ করেছে। আমাদের জোটে সমস্ত নেতাদের মধ্যে নমনীয়তা রয়েছে।
রাহুল গান্ধী বলেন, আমাদের মধ্যে মতানৈক্য রয়েছে, পার্থক্য রয়েছে। তা সত্ত্বেও আমরা নিজেদের মধ্যে দূরত্ব ঘুচিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা ঐক্যবদ্ধ। আমাদের তাই হারানো সম্ভব নয়। আমরা ভারত জুড়ব। এই আমাদের অ্যাজেন্ডা। ভারতকে জুড়েই ইন্ডিয়া জিতবে এই আমাদের বিশ্বাস।
এদিনের বৈঠকে শুধু একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার সিদ্ধান্তই হয়নি, তৈরি হয়েছে নয়া স্লোগান। 'জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া' স্লোগান নিয়ে এবার ২০২৪ লোকসভা নির্বাচনে লড়াইয়ে প্রস্তুত ইন্ডিয়া জোটের ২৮ দল। আর তারপরই আওয়াজ উঠেছে, ইন্ডিয়াকে হারানো শুধু মুশকিলই নেহি, না মুমকিন হ্যায়।
এদিন রেজোলিউশনেই লেখা হয়েছে, আমরা যতদূর সম্ভব একসঙ্গে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করব। সর্বত্রই হয়তো একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়া সম্ভব হবে না, কিন্তু যতটা সম্ভব এক হয়ে লড়তে হবে আমাদের। খুব শীঘ্রই আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।












Click it and Unblock the Notifications